বড়দিনের সাজানো গাছ কেটে ফেলার অভিযোগে দুই যুবক আটক

51

সাইফ হাসান: যুক্তরাজ্যের ডারহামের একটি গ্রামে বড়দিনের ঐতিহাসিক গাছ কেটে ফেলার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গাছটিতে আলোকসজ্জা করার মাত্র কয়েক ঘণ্টা পরেই রাতের অন্ধকারে সেটি কেটে ফেলা হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছে। ২৬ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে অপ*রাধমূলক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে শটন কলিয়ারি নামক গ্রামে। স্থানীয় সময় বিকেল ৫টায় গাছটিতে বাতি জ্বালানো হয়েছিল, কিন্তু রাত ১০টা থেকে ১১টার মধ্যে কেউ বা কারা এটি কেটে ফেলে। পুলিশ শুক্রবার জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে ২৬ ও ২৩ বছর বয়সী দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শটন রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান স্টিভ মেটল্যান্ড জানিয়েছেন, এই গাছটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে ১০ বছর আগে লাগানো হয়েছিল। তিনি বলেন, যারা এই কাজ করেছে তারা এর ইতিহাস বা আবেগের কোনো মূল্য বোঝে না। স্থানীয়রা গাছটির নিচের অংশ মেরামত করে বড়দিনের জন্য আবারও দাঁড় করানোর চেষ্টা করছেন।

চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি করাত বা চেইনস দিয়ে গাছটি কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা ডেভিড অ্যালান এই ঘটনাকে একটি জঘন্য কাজ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, উৎসবের সময় এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

#ক্রিসমাস #যুক্তরাজ্য #গ্রেপ্তার #বড়দিন #আন্তর্জাতিক