সাইফ হাসান: ব্রিটিশ রাজা চার্লস তার ক্যানসার চিকিৎসা নিয়ে অত্যন্ত ইতিবাচক এক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে চিকিৎসায় তার শরীর খুব ভালো সাড়া দিচ্ছে। তাই চিকিৎসকদের পরামর্শে নতুন বছর থেকে তার চিকিৎসার ওষুধের মাত্রা কমিয়ে আনা হবে। দ্রুত রোগ শনাক্ত করার কারণেই এমন সুফল মিলেছে বলে মনে করছেন রাজা।
চ্যানেল ফোরের ‘স্ট্যান্ড আপ টু ক্যানসার’ অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও বার্তায় রাজা চার্লস এই ঘোষণা দেন। তিনি একে ব্যক্তিগত আশীর্বাদ এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। রাজা জানান, সঠিক সময়ে রোগ ধরা পড়া এবং কার্যকর চিকিৎসার ফলে এখন তিনি অনেক ভালো বোধ করছেন এবং চিকিৎসকদের নিয়ম মেনে চলায় এই উন্নতি সম্ভব হয়েছে।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজার সুস্থ হওয়ার প্রক্রিয়া খুবই ইতিবাচক পর্যায়ে পৌঁছেছে। তবে তিনি পুরোপুরি সুস্থ বা ক্যানসারমুক্ত হননি, বরং চিকিৎসকরা এখন তার চিকিৎসা পদ্ধতিকে সতর্কতামূলক পর্যায়ে নিয়ে যাচ্ছেন। ৭৭ বছর বয়সী রাজার চিকিৎসার নিয়মিত সময়সূচি এখন অনেকটাই কমিয়ে আনা হবে।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রাজা সবাইকে ক্যানসার পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্যানসার ধরা পড়লে তা ভীতিকর মনে হতে পারে, কিন্তু দ্রুত শনাক্ত হলে জীবন বাঁচানো সম্ভব। যুক্তরাজ্যে প্রায় নব্বই লাখ মানুষ নিয়মিত স্ক্রিনিং করাচ্ছে না উল্লেখ করে তিনি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সবাইকে সচেতন হতে বলেন।
রাজার এই বার্তাকে অত্যন্ত শক্তিশালী বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি বলেন, নতুন বছরে রাজার চিকিৎসা কমে আসার খবরে পুরো দেশের মানুষ আনন্দিত। গত ফেব্রুয়ারি মাসে ক্যানসার ধরা পড়ার পর থেকে রাজা তার অসুস্থতা নিয়ে জনসমক্ষে খুব কমই কথা বলেছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
#রাজাচুর্লস #যুক্তরাজ্য #ক্যানসার #স্বাস্থ্য #আন্তর্জাতিক















