পার্কিং ফি চালুর প্রতিবাদে দুই হাসপাতালের কর্মীদের বিক্ষোভ।

57

সাইফ হাসান: কর্মক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের জন্য ফি চালুর প্রতিবাদে যুক্তরাজ্যের দুটি হাসপাতালের কর্মীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১ নভেম্বর থেকে এই ফি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ সিদ্ধান্তে স্বাস্থ্যকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়ন ইউনিসন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আর্থিক সংকটের কারণে তারা এই ফি পুনরায় চালু করতে বাধ্য হয়েছেন।

ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসল ম্যানর এবং ওলভারহ্যাম্পটনের নিউ ক্রস হাসপাতালের কর্মীরা এই প্রতিবাদ করছেন। বুধবার দুপুরে ওয়ালসল ম্যানর হাসপাতালের বাইরে তাদের বিক্ষোভ করার কথা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে যারা সপ্তাহে ২২.৬ ঘণ্টার বেশি কাজ করেন, তাদের মাসে ৩০ পাউন্ড এবং যারা এর কম কাজ করেন, তাদের ১৮ পাউন্ড পার্কিং ফি দিতে হবে।

ইউনিসনের আঞ্চলিক সংগঠক অলি হপকিন্স বলেছেন, হাসপাতালে কাজে আসার জন্য কর্মীদের পার্কিং ফি দেওয়া উচিত নয়। তিনি বলেন, মাত্র চার সপ্তাহের নোটিশে এই সিদ্ধান্ত নেওয়ায় কর্মীরা হতাশ হয়েছেন। এতে স্বাস্থ্য সহকারী, পোর্টার এবং পরিচ্ছন্নতাকর্মীদের মতো কম বেতনের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

করোনাভাইরাস মহামারির সময় কর্মীদের জন্য পার্কিং ফি মওকুফ করা হয়েছিল, কিন্তু ২০২২ সালে এই বাবদ সরকারি তহবিল বন্ধ হয়ে যায়। হাসপাতাল ট্রাস্টের মতে, দেশের বেশিরভাগ হাসপাতালেই এই ফি আবার চালু হয়েছে এবং ওয়ালসল ও ওলভারহ্যাম্পটন ছিল শেষদিকের কয়েকটি হাসপাতালের মধ্যে।

ট্রাস্টের প্রধান নির্বাহী জো চ্যাডউইক-বেল বলেছেন, এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি জানান, আর্থিক চ্যালেঞ্জের কারণেই ট্রাস্ট আর বিনামূল্যে পার্কিং সুবিধা চালিয়ে যেতে পারছে না। রোগীদের সেবাকে অগ্রাধিকার দিতেই তারা এই ফি চালু করতে বাধ্য হচ্ছেন বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

#হাসপাতাল #প্রতিবাদ #পার্কিং_ফি #যুক্তরাজ্য #স্বাস্থ্যকর্মী