ইংল্যান্ডে সন্তান প্রসবকালে গুরুতর জখমের শিকার হচ্ছেন নারীরা, বাড়ছে আক্রান্তের হার

792

সাইফ হাসান: ইংল্যান্ডে সন্তান জন্ম দেওয়ার সময় গুরুতর শারীরিক আঘাতের ঝুঁকিতে পড়ছেন নারীরা, যা নিয়ে উদ্বেগ বাড়ছে। এনএইচএস-এর প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালের তুলনায় এ ধরনের জখমের হার প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা এর জন্য হাসপাতালের অপর্যাপ্ত সেবা, জনবল সংকট এবং মায়েদের বয়স বৃদ্ধিকে দায়ী করছেন। এ ধরনের ঘটনা নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে, যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে।

এনএইচএস-এর তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুন মাসে প্রতি এক হাজার প্রসবের মধ্যে ২৫ জন নারী তৃতীয় বা চতুর্থ-ডিগ্রি পেরিনিয়াল টিয়ারের শিকার হতেন। কিন্তু এই বছরের জুন মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এই ধরনের আঘাতে নারীদের দীর্ঘস্থায়ী ব্যথা, মানসিক আঘাত এবং পুনরায় সন্তান ধারণে ভয়ের মতো জটিলতা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালগুলোতে প্রসবের ঝুঁকি সঠিকভাবে নির্ণয় না করায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। লিবারেল ডেমোক্র্যাট দলের স্বাস্থ্য মুখপাত্র হেলেন মরগান বলেন, আনন্দের মুহূর্তে মায়েরা যে ভয়ানক মানসিক আঘাতের শিকার হচ্ছেন, তার পেছনের গল্পগুলো হৃদয়বিদারক। তিনি আরও বলেন, সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে এই সমস্যা আরও বাড়বে।

বার্থ ইনজুরি চ্যারিটির প্রধান নির্বাহী ক্লো অলিভার জানান, প্রথমবারের মতো মা হওয়া, ফরসেপ ডেলিভারি এবং শিশুর ওজন বেশি হলে এই ধরনের আঘাতের ঝুঁকি বাড়ে। তিনি বলেন, এই আঘাত নারীদের জীবন বদলে দেয় এবং তাদের সম্পর্ক, কর্মজীবন ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। সম্প্রতি ইউনিভার্সিটি হসপিটালস সাসেক্স এনএইচএস ট্রাস্ট একজন নারীকে প্রায় পাঁচ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে, কারণ তার চতুর্থ-ডিগ্রি টিয়ারকে ভুলভাবে দ্বিতীয়-ডিগ্রি হিসেবে নির্ণয় করা হয়েছিল।

রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস (আরসিওজি)-এর প্রেসিডেন্ট ড. রানি ঠাকার বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের জখম সামান্য হলেও গভীর আঘাতের ক্ষেত্রে দ্রুত অপারেটিং থিয়েটারে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তিনি সব হাসপাতালে আরসিওজি-র তৈরি করা বিশেষ ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তারা মাতৃসেবার মান উন্নত করতে একটি টাস্কফোর্স গঠন করেছে এবং পেরিনিয়াল টিয়ারের হার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তাদের মতে, তারা একটি ব্যর্থ মাতৃসেবা ব্যবস্থা পেয়েছে এবং এর উন্নতির জন্য কাজ করে যাচ্ছে।