আদালতে ভুয়া মামলার রেফারেন্স, এআই ব্যবহার করে বিপাকে পড়লেন আইনজীবী

210

সাইফ হাসান: যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আইনি কাজ করতে গিয়ে বড় ধরনের বিপাকে পড়েছেন একজন ব্যারিস্টার। চৌধুরী রহমান নামের ওই আইনজীবী একটি অভিবাসন মামলার শুনানির জন্য চ্যাটজিপিটির মতো সফটওয়্যার ব্যবহার করে ভুয়া ও অস্তিত্বহীন মামলার রেফারেন্স দেন। বিচারক বিষয়টি ধরে ফেলার পর এখন তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ আনা হতে পারে। এই ঘটনা আইন পেশায় এআই ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ঘটনাটি প্রকাশ পায় হন্ডুরাসের দুই বোনের একটি অ্যাসাইলাম মামলার শুনানিতে। ব্যারিস্টার চৌধুরী রহমান তাদের পক্ষে আপিল করেন। কিন্তু আপার ট্রাইব্যুনালের বিচারক মার্ক ব্লান্ডেল তার দাখিল করা যুক্তিতে গুরুতর সমস্যা খুঁজে পান। তিনি দেখতে পান, আবেদনে উল্লেখিত ১২টি মামলার মধ্যে বেশ কয়েকটি ছিল সম্পূর্ণ কাল্পনিক এবং বাকিগুলো মামলার যুক্তির সাথে অপ্রাসঙ্গিক ছিল।

শুনানির সময় বিচারক ব্লান্ডেল যখন এসব মামলার বিষয়ে জানতে চান, তখন রহমান সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। প্রথমে তিনি বিষয়টি তার ‘লেখার ধরন’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং কিছু ‘বিভ্রান্তি’ থাকতে পারে বলে স্বীকার করেন। কিন্তু বিচারক তার এই ব্যাখ্যা গ্রহণ করেননি এবং বলেন যে এটি লেখার ধরনের কোনো সমস্যা নয়, বরং সম্পূর্ণ ভুয়া তথ্য উপস্থাপন।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, এটা অত্যন্ত স্পষ্ট যে রহমান এই মামলার যুক্তি তৈরির জন্য চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই ব্যবহার করেছেন এবং শুনানির সময় তা লুকানোর চেষ্টা করেছেন। আদালতের সময় নষ্ট করার জন্য বিচারক তাকে বার স্ট্যান্ডার্ডস বোর্ডে রিপোর্ট করার কথা বিবেচনা করছেন। এই ঘটনার কারণে মূল মামলায় ওই দুই বোনের আপিলও খারিজ হয়ে যায়।