সাইফ হাসান: লন্ডনের পার্কগুলোর সৌন্দর্যের পেছনে এক নারীর অবদান এখন নতুন করে আলোচনায়। ফ্যানি উইলকিনসন, যিনি যুক্তরাজ্যের প্রথম পেশাদার নারী ল্যান্ডস্কেপ গার্ডেনার হিসেবে ইতিহাস গড়েছিলেন, তার সম্মানে একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন হতে যাচ্ছে। লন্ডনের ৭৫টি পার্ক ডিজাইন করা এই নারী শুধু সবুজায়নই নয়, নারীদের সমান বেতনের আন্দোলনেও পথিকৃৎ ছিলেন। আগামী ৩ জুলাই দক্ষিণ-পশ্চিম লন্ডনের করোনেশন গার্ডেনে এই মূর্তি স্থাপিত হবে।
১৮৮২ সালে ফ্যানি ক্রিস্টাল পযালেস স্কুল অব ল্যান্ডস্কেপ গার্ডেনিং-এ প্রথম নারী ছাত্রী হিসেবে ভর্তি হন। তখন তার সহপাঠীরা সবাই ছিলেন পুরুষ। পড়াশোনা শেষে তিনি মেট্রোপলিটন পাবলিক গার্ডেনস অ্যাসোসিয়েশনে (এমপিজিএ) ‘অনারারি’ গার্ডেনার হিসেবে কাজ শুরু করেন। কিন্তু ১৮৮৬ সালে তিনি সাহসী পদক্ষেপ নেন। তিনি এমপিজিএ-র প্রতিষ্ঠাতা লর্ড ব্রাবাজনকে চিঠি লিখে বলেন, “আমার মনে হয় ‘অনারারি’ শব্দটি বাদ দিয়ে আমার কাজের জন্য পারিশ্রমিক নেওয়া উচিত।” এরপর তিনি প্রথম নারী হিসেবে পেশাদার গার্ডেনার হিসেবে বেতন পান।
হেরিটেজ অব লন্ডন ট্রাস্টের পরিচালক নিকলা স্টেসি বলেন, “ফ্যানি তার সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি নারীদের জন্য পেশাগত সম্ভাবনার পথ খুলে দেন।” ফ্যানি ২০ বছরে লন্ডনের ৭৫টি পাবলিক গার্ডেন ডিজাইন করেন, যার মধ্যে ল্যাম্বেথের মায়াটস ফিল্ডস পার্ক ও বেথনাল গ্রিনের মিথ গার্ডেনস অন্যতম। এই পার্কগুলো শিল্পায়ন ও দূষণে জর্জরিত লন্ডনবাসীর জন্য ‘সবুজ ফুসফুস’ হয়ে ওঠে।
১৮৯০ সালে উইমেন্স পেনি পেপারকে দেওয়া সাক্ষাৎকারে ফ্যানি বলেছিলেন, “আমি কখনো কম বেতন নিই না। অনেকে মনে করেন, নারী হিসেবে আমি পুরুষের চেয়ে কম পারিশ্রমিক চাইব। আমি আমার পেশা মূল্য জানি এবং সেই অনুযায়ী চার্জ করি।” তবে পুরুষ কর্মীদের সঙ্গে কাজ করতে তাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। তিনি বলেন, “কিছু পুরুষ মনে করত, তারা আমার চেয়ে বেশি জানে। তাদের সঙ্গে মাঝেমধ্যে সমস্যা হতো।”
মূর্তিটি নির্মাণ করছেন ভাস্কর জিলিয়ান ব্রেট। করোনেশন গার্ডেনের একটি পুরোনো ফোয়ারার ওপর এটি স্থাপন করা হবে, যেটি ফ্যানি নিজেই ডিজাইন করেছিলেন। নিকোলা স্টেসি বলেন, “এই মূর্তি ফ্যানির অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। তিনি লন্ডনের চেহারা বদলে দিয়েছিলেন।”
১৯০৪ সালে ফ্যানি সোয়ানলি হর্টিকাচারাল কলেজের প্রথম নারী অধ্যক্ষ হন। তিনি উইমেন্স এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন, যা প্রথম বিশ্বযুদ্ধে উইমেন্স ল্যান্ড আর্মি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৫১ সালে ৯৫ বছর বয়সে তিনি মারা যান।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















