আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন।
হুথিদের নিয়ন্ত্রণে থাকা একটি রেডিও ঘোষণার বরাতে কাতারের আল জাজিরা ও ইরানি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
রেডিওতে দাবি করা হয়েছে, সোমবার রাজধানী সানায় অবস্থিত সালেহের বাসায় বোমা হামলা চালালে তিনি নিহত হন।
তবে সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেসের (জেপিসি) পক্ষ থেকে এ দাবি নাকচ করা হয়েছে।
দলটির একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, সালেহের মৃত্যুর খবর সত্য নয়। এটি ইরানি ও হুথিদের বানোয়াট কথা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি ও বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, হুথিরা যখন হামলা চালায় তখন সালেহ বাড়িতেই ছিলেন। হামলায় তিনি নিহত হয়েছেন।
একসময় হুথি বিদ্রোহীদের মিত্র ছিলেন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ।















