অভিনেতা শশী কাপুর আর নেই

1215

বিনোদন ডেস্ক: একসময়ের বলিউড হার্টথ্রব শশী কাপুর আর নেই। সোমবার হিন্দি সিনেমার এই নায়ক পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

অভিনেতার আত্মীয় মোহিত মারওয়া এ দিন টুইট করেন, শশী কাপুর এ বার শান্তিতে বিশ্রাম নেবেন। তার কথা সব সময়ই মনে থাকবে।

কিংবদন্তি এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। এ কারণে হুইল চেয়ারে বসে চলাফেরা করতেন তিনি। একইসাথে শশী কাপুর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।

শশী কাপুরের জন্ম ১৯৩৮ সালের ১৮ মার্চ। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তিনি অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে।

তাঁর পুরো নাম বলবীর রাজ কাপুর। এই অভিনেতা প্রায় ১৭৫টির বেশি বলিউড ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত অনেক ছবি হিট-সুপারহিট হয়। ’৬০ ও ’৭০ দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেতাও ধরা হয়ে থাকে তাকে। অভিনয়ে অসাধারণ অবদান রাখার জন্য ২০১১ সালে শশী কাপুরকে পদ্মভূষণ সম্মাননা দেয়া হয়।

শশী কাপুরের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ‘সিলসিলা’, ‘জুনুন’, ‘কালযুগ’, ‘বিজেতা’, ‘উৎসব’। ১৯৯১ সালে ‘আজুবা’ নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেন শশী কাপুর। এ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এই তারকা ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবি পরিচালনা করেন।