সাইফ হাসান: যুক্তরাজ্যের স্থানীয় ছোট বিয়ার উৎপাদকরা বড় বড় বহুজাতিক কোম্পানির কারসাজির কারণে স্থানীয় পাব ও বারে জায়গা পাচ্ছে না। সোসাইটি অব ইন্ডিপেন্ডেন্ট ব্রুয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস (সিবা)-এর এক গবেষণায় দেখা গেছে, ৬০% পাব তাদের জন্য অপ্রাপ্য।
গত বছর যুক্তরাজ্যে স্বাধীন ব্রুয়ারির সংখ্যা ১০০ কমে ১,৭১৫-এ দাঁড়িয়েছে। সিবার প্রতিবেদন বলছে, বড় ব্রুয়ারি ও কিছু পাব চেইনের আর্থিক চুক্তি ছোট উৎপাদকদের বাজারে ঢুকতে বাধা দিচ্ছে কোভিড-পরবর্তী আর্থিক সংকটে অনেক পাব বড় কোম্পানির কাছ থেকে ঋণ নিয়েছে, যার বিনিময়ে তারা শুধু তাদের বিয়ার বিক্রির চুক্তি করেছে।
সিবার ৭০০ সদস্যের ৭৯% বলেছেন, বড় ব্রুয়ারিরা পাবের বিয়ার লাইন দখল করে রেখেছে। স্কটল্যান্ডের ফাইন এলস ব্রুয়ারির পরিচালক জেমি ডেলাপ বলেন, “এই শিল্পে অন্যায্য প্রতিযোগিতা চলছে। বড়রা ছোটদের জন্য বাজার কঠিন করে তুলেছে।”
সিবার প্রধান নির্বাহী অ্যান্ডি স্লি বলেন, “স্থানীয় ব্রুয়ারি তাদের এলাকার পাবে বিয়ার বিক্রি করতে পারছে না, এটা চিন্তাজনক। সরকারের উচিত বাজার উন্মুক্ত করা” তিনি জানান, গ্রাহকরা স্বাধীন বিয়ার চান, কিন্তু বড় কোম্পানির কারণে তা পাচ্ছেন না।
গত বছর সিবা “ক্রাফট বিয়ার” নাম বাদ দিয়ে “ইন্ডি বিয়ার” নাম গ্রহণ করে, কারণ বড় কোম্পানিরা জনপ্রিয় ছোট ব্রুয়ারি কিনে নিচ্ছে। উদাহরণস্বরূপ, হাইনেকেন ব্রিভারটাউন ও ব্রিক্সটন কিনেছে, আর এবি ইনবেভ ক্যামডেন কিনেছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















