সাইফ হাসান: চকলেট ডাইজেস্টিভ বিস্কুট খাওয়ার সঠিক নিয়ম নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ম্যাকভিটিস। এতদিন আমরা বিস্কুটের চকলেটের দিক উপরে রেখে খেয়ে এসেছি, কিন্তু কারখানার কর্তারা বলছেন, এটি পুরোপুরি ভুল!
ম্যাকভিটিসের স্টকপোর্ট, গ্রেটার ম্যানচেস্টারের কারখানার জেনারেল ম্যানেজার অ্যান্থনি কোলসন বিবিসিকে বলেন, “আমি যখন ম্যাকভিটিসে যোগ দিই, তখন প্রথম শিখি যে চকলেট ডাইজেস্টিভ খেতে হয় চকলেটের দিক নিচে রেখে। এর আগে আমিও উল্টো করে খেতাম।”
তিনি ব্যখ্যা করেন, চকলেট নিচে থাকলে জিহ্বা সরাসরি চকলেটের স্বাদ পায়। “চকলেট গলতে শুরু করে, স্বাদ ছড়ায়, আর তখনই আসল মজা। এটা তো স্বাভাবিক, তাই না?” বলেন তিনি।
২০২৫ সালে চকলেট ডাইজেস্টিভের ১০০ বছর পূর্তি উপলক্ষে ম্যাকভিটিস বড় ধরনের প্রচারণা শুরু করেছে। লন্ডনের পিকাডিলি সার্কাসে ২ থেকে ৫ মে একটি পপ-আপ স্টোরও খোলা হবে। ১৯২৫ সাল থেকে এই বিস্কুট তৈরি হচ্ছে, যা ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় বিস্কুটের তালিকায় শীর্ষে রয়েছে।
তবে কোলসন নিজেও স্বীকার করেন, পুরনো অভ্যাস ছাড়া কঠিন। “আমি এখনো সত্যি বলতে, চকলেট উপরে রেখে খাই,” হেসে বলেন তিনি।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















