বিচার বিভাগে ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করা হচ্ছে

100

ঢাকা সংবাদদাতা: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ-প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় দেশে রাতের ভোট অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে সুবিধাভোগী বেশকিছু কর্মকর্তা এরই মধ্যে চিহ্নিত হয়েছেন। পুলিশ ও প্রশাসনের বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অনেককে করা হয়েছে ওএসডি। কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসর ও রাতের ভোটের সহযোগী হিসেবে বিচার বিভাগের কাউকে এখনো চিহ্নিত করা হয়নি। দু-একজনকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলেও তাদের কারও চাকরি যায়নি।

তবে এবার অ্যাকশন শুরু হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে বিচার বিভাগের সুবিধাভোগী ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করিম এবং সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের ঘুষ-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দিতে গেলে ঢাকার তৎকালীন সিএমএম রেজাউল করিম এবং তৎকালীন এসিএমএম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাকে অভ্যর্থনা জানান। এ অভিযোগের বিষয়েও দুই বিচারকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

গত ২ মার্চ ইস্যু করা এসব নোটিশে তাদের ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া বিগত সরকারের আমলে সুবিধাভোগী বিচারক যারা ঘুষ-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের বিষয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে চার সদস্যের এই কমিটিতে একজন উপসচিব ও দুজন সিনিয়র সহকারী সচিব রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

গত এক দশকে বিশেষ করে ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত জাতীয় নির্বাচনের পর আনিসুল হক আইনমন্ত্রীর দায়িত্ব নিলে ধীরে ধীরে কলুষিত হতে থাকে বিচার বিভাগ। আইন মন্ত্রণালয় এবং ঢাকা ও এর আশপাশের আদালতে কর্মরত বেশ কিছু বিচারক মন্ত্রীর আস্থাভাজন হওয়ায় তারা ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতিতে জড়িয়ে পড়েন। অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকে একটি অভিযোগও জমা পড়েছে। এ ছাড়া সম্প্রতি বিচার বিভাগীয় কর্মকর্তারা তাদের সম্পদের হিসাব দাখিল করেছেন। তাদের সম্পদের হিসাবে কোনো গরমিল বা অতিরিক্ত সম্পদ অর্জনের বিষয় খতিয়ে দেখছে মন্ত্রণালয় গঠিত কমিটি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচল আবাসিক এলাকায় সাত কাঠার প্লট বরাদ্দ নেন; আশিয়ান গ্রুপের একটি মামলায় বেআইনি প্রভাব খাটিয়ে পাঁচ কাঠার প্লট নেন; অবৈধভাবে উপার্জিত অর্থ দ্বারা চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনতলা একটি বাড়ি নির্মাণ করেন ও চট্টগ্রামের জাকির হোসেন রোডের ইয়াকুব সেন্টারে একটি ফ্ল্যাট ক্রয় করেন; সিএমএম পদের অবৈধ প্রভাব খাটিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রয়োজনে-অপ্রয়োজনে একাধিকবার ৫ থেকে ৭ লাখ টাকার স্বাস্থ্য পরীক্ষা করে বিল পরিশোধ করেননি।

নোটিশে বলা হয়েছে, বিচারকের এরূপ কাজ অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অবিবেচনাপ্রসূত ও অবিচারকসুলভ মনোভাব হিসেবে বিবেচনার যোগ্য, যা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর ২(চ) ও ২ (ঠ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিমূলক কার্যের পর্যায়ভুক্ত অপরাধ। বিজ্ঞ বিচারকের ওই অসদাচরণ ও দুর্নীতিমূলক কার্যের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তাকেও ১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।