ঢাকা সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ইটভাটায় কয়লা আনলোড করার সময় একটি ট্রাক উল্টে পাশের শ্রমিকদের থাকার ঘরে গিয়ে পড়ে। এতে ঘুমে থাকা ১৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
আজ শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ষোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
‘প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে ট্রাক থেকে কয়লা আনলোড করা হচ্ছ্লি। এ সময় একটি চাকা ফেটে যায়। তখন ট্রাকটি উল্টে পাশের একটি ঘরের উপর গিয়ে পড়ে। সেই ঘরে ইটভাটার শ্রমিকরা মেস করে থাকতেন।’
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ শ্রমিক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজন মারা যান বলে জানান ওসি। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
কুমিল্লার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।















