নাইজেরিয়ায় আত্মঘাতী চার হামলাকারীসহ ১০ জন নিহত

725

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্ব শহর মাইদুগুরিতে বোমা বিস্ফোরণে আত্মঘাতী চার হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে এ হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, হামলাকারীদের মধ্যে নারীও রয়েছেন। তবে এখনো কোন গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে, এর আগে মাইদুগিরিতে বহু হামলায় দেশটির জঙ্গি সংগঠন বোকো হারাম দায় স্বীকার করেছে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বেলো দামবাত্তা জানান, সন্ধ্যা ৫টার দিকে নামাজের সময় একদল মানুষের কাছাকাছি প্রথম বিস্ফোরণটি ঘটে। আরেক হামলাকারী একটি বাড়ির ভেতর থেকে এবং বকী দুইজন তাদের টার্গেটের কাছাকাছি পৌঁছানোর পর বোমার বিস্ফোরণ ঘটায়।জঙ্গি সংগঠন বোকো হারাম দেশটিতে ইসলামী শাষনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে সহিংসতা চালিয়ে আসছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের এক সন্ত্রাসবিরোধী গবেষণা বলছে, সেখানে জঙ্গি সংগঠনটির কথিত বিদ্রোহে পুরুষের তুলনায় ইতিহাসে সবচেয়ে বেশি নারীদের আত্মঘাতী হামলায় ব্যবহার করা হচ্ছে। গত কয়েক বছরে বোকো হারামের সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষ নিহত হয়েছেন।