আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যে আমেরিকা থেকে যে সমস্ত গাড়ি কানাডায় আমদানি করা হয়, সেগুলির উপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করবে কানাডা। প্রধানমন্ত্রী আরও বলেন যে এই শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব দেশের গাড়ি শ্রমিক এবং শিল্পকে সহায়তা করার জন্য পরিচালিত হবে। এক্সে একটি পোস্ট শেয়ার করে কার্নি বলেন, আমেরিকা থেকে আমদানিকৃত গাড়ির উপর আমেরিকার শুল্কনীতি অনুসরণ করেই ২৫ শতাংশ কর চাপানো হচ্ছে। তবে আমেরিকা-কানাডা-মেক্সিকোর বাণিজ্যচুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন গাড়ির ক্ষেত্রেই এই শুল্ক প্রযোজ্য হবে। মেক্সিকোর গাড়ি থেকে এই শুল্ক নেওয়া হবে না। গাড়ি তৈরির সরঞ্জামের ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য নয়। এর আগে কানাডা যে শুল্ক আরোপ করেছিল, তা একই রকম থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করতে গিয়ে কার্নি বলেন, ‘৮০ বছরের বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতিকে নেতৃত্ব দিয়েছে আমেরিকা। বিশ্বাস এবং পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে তারা জোট তৈরি করেছিল। পণ্য এবং পরিষেবার অবাধ বিনিময়কে তারা সমর্থন করত। সেই দিন এখন অতীত। এটা দুর্ভাগ্যজনক।’ পারস্পরিক শুল্ক ঘোষণার পর, কার্নি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক, বিশেষ করে অটোমোবাইলের উপর আরোপিত শুল্ককে ‘অন্যায়’ বলে অভিহিত করেন এবং বলেন যে, ‘অতীতের তুলনায় আজ বিশ্ব অর্থনীতি মৌলিকভাবে আলাদা।৬















