ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ তার প্রিয় উইন্ডসর প্রাসাদের মূল সেন্ট জর্জ চ্যাপেলের পাশে কিং জর্জ ষষ্ঠ মেমোরিয়াল চ্যাপেলে চিরনিন্দ্রায় শায়িত থাকবেন।
তবে সেখানে একা থাকবেন না রানি। তার পাশেই সমাহিত থাকবেন তার স্বামী প্রিন্স ফিলিপ। গত বছর ৯ এপ্রিলে ফিলিপ মারা যান। আর রানি মারা যান এ মাসের শুরুতে।
প্রিন্স ফিলিপের মৃত্যুর পর তার কফিন ব্রিটেনের রাজকীয় ভল্টে সংরক্ষিত রাখা হয়েছিল, যাতে তাকে রানির পাশে শায়িত করা যায়।
ঐতিহাসিক উইন্ডসর প্রাদাস রানির সরকারি বাসভবন ছিল। সেখানে তিনি কয়েক দশক ধরে ডিউক অব এডিনবরা ফিলিপের সঙ্গে বাস করেছিলেন।
আর এই প্রাসাদেরই সেন্ট জর্জ চ্যাপেলে চিরনিন্দ্রায় শায়িত আছেন এক ডজনেরও বেশি ইংরেজ ও ব্রিটিশ রাজা-রানি। যার মধ্যে আছেন, অষ্টম হেনরি এবং প্রথম চার্লসও।
ব্রিটিশ রাজপরিবারের প্রায় সব শেষকৃত্যানুষ্ঠানই উইন্ডসর প্রাসাদে হয়।
রয়্যাল কালেকশন ট্রাস্ট ওয়েবসাইট অনুযায়ী, এগারো শতকে উইলিয়াম দ্য কনকারের প্রতিষ্ঠিত উইন্ডসর ক্যাসেল বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং রাজ সমাগমের সবচেয়ে বড় প্রাসাদ। রানি এলিজাবেথসহ ৪০ জন রাজরাজড়ার আবাস ছিল এ প্রাসাদ।
সেন্ট জর্জ চ্যাপেলের কাজ শুরু হয়েছিল ১৪৭৫ সালে চতুর্থ এডওয়ার্ডের অধীনে। কাজ পুরোপুরি শেষ করতে লেগেছিল ৫০ বছর। রাজপরিবারের নানা সদস্য এই চ্যাপেলের মধ্যেই ভিন্ন ভিন্ন অংশে সমাহিত আছেন।
রানি এলিজাবেথ ১৯৬২ সালে মূল চ্যাপেলের পাশের একটি সমাধিস্থলের নামকরণ করেছিলেন তার বাবার নামে। তখনই এর নাম রাখা হয় ‘কিং ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল’। রানির বাবা-মায়ের সঙ্গে বোন মার্গারেটও এই চ্যাপেলে সমাহিত আছেন।















