আরেকটি বুচা হতে দেব না: বেয়ারবক

207

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আরেকটি বুচা হতে দেয়া যাবে না। রাশিয়া না থামা পর্যন্ত কিয়েভকে অস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

সম্প্রতি একটি জার্মান সংবাদপত্রে প্রতিবেদন লিখেছেন বেয়ারবক। সেখানে তিনি বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে জার্মানি। প্রয়োজনে আরও অস্ত্র দেওয়া হবে। রাশিয়া এর আগে বুচার যা অবস্থা করেছে, তা অবিশ্বাস্য। আরো একটি বুচা হতে দেয়া যাবে না।

বুচায় গণকবর মিলেছিল বলে দাবি ইউক্রেনের। বেয়ারবক কিয়েভ সফরে গিয়ে রাজধানীর অদূরে বুচায় সেই জায়গা দেখেও এসেছেন। বেয়ারবক বলেছেন, জার্মানি শান্তির পক্ষে। আলোচনার মাধ্যমে সমাধানসূত্রে পৌঁছানোর পক্ষে। কিন্তু রাশিয়া সে ভাষা বুঝতে চাইছে না। যতদিন যুদ্ধ চলবে, ততদিন ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন। এরপরেই তার বক্তব্য, শান্তি বিনামূল্যে পাওয়া যায় না। সেই শান্তির লক্ষেই ইউরোপ ইউক্রেনে অর্থ ঢালছে। ইউক্রেনের স্বাধীনতা মানে পুরো ইউরোপের স্বাধীনতা।

পূর্ব ইউরোপের স্লোভিয়ানস্ক শহরে এবার লাগাতার আক্রমণ শুরু করেছে রাশিয়া। শহরের মেয়র জানিয়েছেন, বোমাবর্ষণের ফলে স্লোভিয়ানস্কের বিদ্যুৎ এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র দ্রুত নাগরিকদের শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) রাশিয়ার আক্রমণে তিনজন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা এএফপি-র কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন। আহত হয়েছেন ছয়জন। এরপরই পাঁচটি মিনিবাসে করে বহু মানুষ অন্যত্র পালিয়েছেন বলে এএফপি জানিয়েছে।