নিরুপায় বরিস রাস্তা ছেড়ে পালাচ্ছেনঃ কিয়ার স্টারমার

414

ওয়ানবাংলানিউজ: বরিস জনসন প্রথমবারের মতো স্বীকার করেছেন যে ব্রিটেনে প্রথম লকডাউন চলাকালে টেন-ডাউনিং স্ট্রীটের গার্ডেনে আয়োজিত ড্রিঙ্কস পার্টিতে তিনি অংশ নিয়েছিলেন। বুধবার হাউজ অফ কমন্সে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বক্তৃতাকালে তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, তিনি ভেবেছিলেন সেটি ছিল একটি ওয়ার্ক পার্টি, অর্থাৎ দাপ্তরিক কাজের অংশ। তিনি এ কথাও স্বীকার করেন, তিনি যেটিকে দাপ্তরিক কাজ হিসেবে দেখছেন, অনেকর কাছে তা গ্রহণযোগ্য নাও হতে পারে।

কিন্তু প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য এবং ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকে। লেবার লিডার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীকে ‘’উপায়ান্তর না দেখে রাস্তা ছেড়ে পালিয়ে যাওয়া ব্যাক্তির’’ সাথে তুলনা করে তাঁকে পদত্যাগ করার আহবান জানান।


লেবার নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুল ঘটনা আড়াল করার অভিযোগ তুলে প্রশ্ন করেন, তিনি কীভাবে ভাবলেন, সেই পার্টি একটি ওয়ার্ক ইভেন্ট ছিল?

২০২০ সালের মে মাসে মহামারির ভয়াবহতায় ব্রিটেনে জারি করা প্রথম লকডাউনের স্বাস্থ্যবিধি ছিল অত্যন্ত কঠোর। তখন কেবল কাজে যাওয়া, শরীর চর্চা করা এবং নিত্য প্রয়োজনীয় সরবরাহ জোগাড় করতে ঘরের বাইরে যাওয়ার অনুমতি ছিল। একই ঘরের মানুষের সাথে তখন বাইরে বেরোনোর নিয়ম ছিল। অথবা, সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরের সর্বোচ্চ একজন মানুষের সাথে সাক্ষাত করার অনুমতি ছিল। স্কুল, হেয়ার ড্রেসার এবং অনাবশ্যক পণ্যের দোকানপাটও ছিল বন্ধ। বিয়ের অনুষ্ঠান ছিল নিষিদ্ধ। আর জানাজা এবং শেষকৃত্যের মতো আয়োজনে কেবল ঘনিষ্ঠ আত্মীয় যোগ দিতে পারতেন। অথচ এমন কঠিন লকডাউনের আইনের খসড়া যেখানে তৈরি করা হয়েছিল, সেই ডাউনিং স্ট্রীটেই ২০২০ সালের ২০মে তারিখে ১শ লোককে ইমেইলে দাওয়াত দেয়া হয়েছিল এক পার্টিতে। রৌদ্রজ্জ্বল দিন উপভোগ করার সেই আমন্ত্রণে বলা হয়, যার যার ড্রিঙ্ক অতিথিদের সঙ্গে আনতে হবে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পার্টিতে যোগ দেয়া ৩০ জনের মধ্যে প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রীও ছিলেন। বুধবার পার্লামেন্টের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এই তথ্যের সত্যতা নিশ্চিত করলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

২০২০ সালের ২০ মে’র এই ঘটনা সহ আরও কয়েকটি ঘটনা এখন তদন্ত করে দেখা হচ্ছে। ১৫ মে প্রধানমন্ত্রী এবং তাঁর কয়েকজন অফিস কর্মীর ডাউনিং স্ট্রীট গার্ডেনে বসে ওয়াইন ও চিজ খাওয়ার ছবি প্রকাশিত হয়েছে। বরিস জনসন বলেন, তখন তাঁরা দাপ্তরিক কাজ করছিলেন। এর কয়েক মাস পর ডিসেম্বরের ১৫ তারিখ, যখন আবদ্ধ স্থানে সামাজিক মেলামেশা নিষিদ্ধ ছিল, তখন নাম্বার-টেন কর্মীদের মধ্যে ক্রিসমাস কুইজ অনুষ্ঠিত হয়। প্রকাশিত এক ছবিতে দেখা যায়, সেই প্রতিযোগিতায় বরিস জনসন অংশ নিচ্ছেন। ১৮ ডিসেম্বর ডাউনিং স্ট্রীটের ভেতরে একটি পার্টি অনুষ্ঠানের খবরও বেরিয়েছে। এর পরেই এই বিষয়টিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর এক প্রেস সেক্রেটারিকে প্রস্তুতিমূলক এক সংবাদ সম্মেলনে হাস্যরস করতে দেখা যায়।

বিরোধী রাজনৈতিক দলগুলো এখন প্রধানমন্ত্রী বরিস জনসনকে পদত্যাগের আহবান জানাচ্ছে।

বরিস জনসনকে নিয়ে এখন অনেকে রসিকতা শুরু করে দিয়েছে, কিন্তু বরিস জনসনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সময়টা খুবই জটিল ও গুরুত্বপূর্ণ।