এনামুলের ৫ উইকেট, স্বস্তিতে সিলেট

653

খেলাধুলা ডেস্ক: প্রথম ইনিংসে সিলেট দ্বিতীয় দিন খুব বেশিদূর যেতে পারেনি। আগের দিনের ২৪১ রানের সঙ্গে ৭৮ রান যোগ করতে গিয়েই বাকি চার উইকেট হারায় তারা। অলআউট হয় ৩১৯ রানে। খুব বড় স্কোর নয়। তবে এনামুল হক জুনিয়রের স্পিনে তারা শনিবারের খেলা শেষ করেছে স্বস্তিতে থেকে। তিনি ৫ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর রানের লাগাম টেনে ধরেন। ৮ উইকেটে ২৩১ রানে দিন শেষ করেছে মেট্রো।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২৪১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে সিলেট। আগের দিন ইমতিয়াজ হোসেন ১৩২ রানের ইনিংস খেলে আউট হন। তবে দ্বিতীয় দিনে আর কোন বড় ইনিংস আসেনি। ২৭ রানে খেলতে নামা এজাজ আহমেদ হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তিনি করেন ৪৬ রান।

মেট্রোর হয়ে ৩টি করে উইকেট নেন সৈকত আলী, নিহাদুজ্জামান ও শরিফউল্লাহ।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা মেট্রো। সৈকত আলী তার প্রথম বলেই আউট হওয়ার পর এনামুলের স্পিনে বিপদে পড়ে তারা। ইনিংস সেরা ৯৮ রানে ‘নার্ভাস নাইন্টিস’এর শিকার হন অধিনায়ক মার্শাল আইয়ুব। মোহাম্মদ আশরাফুল খেলেন ৪০ রানের ইনিংস।

দুই অপরাজিত ব্যাটসম্যান জাবিদ হোসেন ১০ ও ডলার মাহমুদ ৫ রান নিয়ে রবিবার তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

সিলেটের পক্ষে ৭৭ রানের খরচায় ৫ উইকেট পেয়েছেন এনামুল। এছাড়া আবু জায়েদ, রাহাতুল ফেরদৌস ও শামসুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।