আন্তর্জাতিক ডেস্ক: ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর। মালয়েশিয়ায় নিজের হোটেল কক্ষে বসে টিভি দেখছিলেন এফবিআই’র তৎকালীন বিশেষ এজেন্ট ফ্র্যাঙ্ক পেলেগ্রিনো। তখনই পর্দায় ভেসে ওঠে টুইন টাওয়ারে বিমানের সংঘর্ষের ছবি। ছবিগুলো দেখে প্রথমেই তার মাথায় আসে, ‘ও ঈশ্বর, এ কাজ খালিদ শেখ মোহাম্মদেরই হবে।’
ওই হামলার লক্ষ্য ও পরিধি খালিদের চিন্তাসই ছিল। আর তা বোঝার মতো অবস্থানে ছিলেন পেলেগ্রিনো। প্রায় তিন দশক ধরে খালিদের পেছনে ছুটছিলেন তিনি। কিন্তু হামলার ২০ বছর পরও এখনো শাস্তি পায়নি ৯/১১ হামলার ওই মাস্টারমাইন্ড। তার এক আইনজীবী জানান, তার শাস্তি হতে আরো ২০ বছর লাগতে পারে।
৯/১১ হামলা তদন্তকারী কমিশনের প্রতিবেদন অনুযায়ী, হামলাটির পেছনে সবচেয়ে বড় হাত ছিল তৎকালীন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের।
কিন্তু হামলার মূল নকশাকারী ছিলেন খালিদ বা কেএসএম। তিনিই ভবনে বিমান দিয়ে হামলার পরিকল্পনা দিয়েছিলেন আল-কায়েদাকে।
খালিদের জন্ম কুয়েতে। পড়াশোনা আমেরিকায়। আশির দশকে আফগানিস্তানে যুদ্ধ করতে যান। ৯/১১ হামলার বহু আগ থেকেই তাকে ধরার চেষ্টা করেছিলেন পেলেগ্রিনো।
১৯৯৩ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বোমা হামলার ঘটনা তদন্তের দায়িত্ব পান পেলেগ্রিনো। তখনই মার্কিন কর্তৃপক্ষের নজরে আসে খালিদের নাম। ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে টাকা পাঠিয়েছিলেন তিনি। ১৯৯৫ সালে প্রশান্ত মহাসাগরের উপর বেশ কয়েকটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান বোমা দিয়ে উড়িয়ে দেয়ার পরিকল্পনার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। সে থেকেই খালিদের উচ্চাকাঙ্ক্ষা টের পান পেলেগ্রিনো।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে, কাতারে তাকে ধরার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন এই এফবিআই কর্মকর্তা। প্রথমে এফবিআই কর্মকর্তাদের একটি দল নিয়ে ওমান যান পেলেগ্রিনো। তাদের লক্ষ্য ছিল, সেখান থেকে কাতারে ঢুকে খালিদকে গ্রেপ্তার করা। এমনকি তাকে কাতার থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য তৈরি ছিল বিমানও। কিন্তু দেশটিতে নিযুক্ত মার্কিন কূটনৈতিকরা এফবিআই’র পরিকল্পনায় সায় দিতে অনাগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে পেলেগ্রিনো মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জানান, বিমান নিয়ে হামলার পরিকল্পনা করার অভিযোগ আছে খালিদের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও কাতারে ঝামেলা সৃষ্টি করা থেকে দূরে থাকতে চেয়েছিলেন মার্কিন কূটনীতিকরা। এক পর্যায়ে কাতারে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পেলেগ্রিনোকে বলেন যে, কাতারি কর্মকর্তারা খালিদের সন্ধান হারিয়ে ফেলেছেন।
সে ঘটনা স্মরণ করে পেলেগ্রিনো বলেন, ‘আমাদের মধ্যে ক্ষোভ ও হতাশা কাজ করছিল। আমরা বুঝেছিলাম যে, বড় একটি সুযোগ হারিয়েছি।’
কিন্তু পেলেগ্রিনো যা-ই বলুন, বাস্তবতা হচ্ছে, নব্বইয়ের দশকের মাঝামাঝিতে খালিদকে কেউ বড় মাপের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করেনি। এমনকি চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ সন্ত্রাসীর তালিকায় তার নাম যুক্ত করতে পারেননি পেলেগ্রিনো। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল তালিকায় ইতিমধ্যে অনেক বড় মাপের সন্ত্রাসীর নাম রয়েছে।
কাতারে থাকা অবস্থায় তাকে ধরতে যুক্তরাষ্ট্রের চেষ্টার ব্যাপারে কেউ একজন খালিদকে তথ্য দিয়েছিল। সেখান থেকে পালিয়ে এরপর আফগানিস্তানে চলে যান তিনি। পরবর্তী কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে নানা তদন্তে তার নাম উঠে আসতে থাকে। বিশ্বজুড়ে সন্ত্রাসীদের সঙ্গে তার যোগাযোগ থাকার ব্যাপার স্পষ্ট হয়ে উঠে। এই বছরগুলোর মধ্যেই, কোনো এক সময়ে লাদেনের সঙ্গে দেখা করেন তিনি। যুক্তরাষ্ট্রে বিমান নিয়ে ভবনের ভেতর হামলা চালানোর পরিকল্পনা দিয়ে আসেন আল-কায়েদা নেতাকে।
আর এরপর ২০০১ সালে ঘটে নৃশংস সেই হামলা। হামলাটির সঙ্গে খালিদের সংশ্লিষ্টতা নিয়ে প্রথম থেকেই পেলেগ্রিনোর সন্দেহ ছিল। পরবর্তীতে আটক এক আল-কায়েদা সদস্য তাকে চিহ্নিত করলে সে সন্দেহ প্রমাণিত হয়।
পেলেগ্রিনো বলেন, ‘সবাই বুঝতে পারলো যে, আমার ‘লোকই’ এই কাজ করেছে। যখন বুঝতে পারলাম, সে এই কাজ করেছে, আমার চেয়ে অসহায় আর কেউ অনুভব করেনি।’
বহু চেষ্টার পর ২০০৩ সালে পাকিস্তান থেকে খালিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। খালিদের বিরুদ্ধে থাকা অভিযোগের উপর ভিত্তি করে তাকে কাঠগড়ায় দেখার প্রত্যাশা ছিল পেলেগ্রিনোর। কিন্তু গ্রেপ্তারের পর আচমকাই উধাও হয়ে যান খালিদ। গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি ‘ব্ল্যাক সাইটে’ নিয়ে যায়। প্রয়োগ করা হয় উচ্চ পর্যায়ের জিজ্ঞাসাবাদের কৌশল। তার বিষয়ে এক সিআইএ কর্মকর্তার মন্তব্য ছিল, সে যা জানে, আমি তার সব জানতে চাই, আর দ্রুত জানতে চাই।
অন্তত ১৮৩ বার ওয়াটারবোর্ডিং, ঘুমাতে না দেওয়া, জোরপূর্বকভাবে নগ্ন রাখা, তার সন্তানদের হত্যার হুমকি দেওয়াসহ নানা ভয়াবহ নির্যাতন করা হয় খালিদের উপর। এক পর্যায়ে তৎকালীন সময়ে বেশকিছু হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। তবে পরবর্তীতে মার্কিন সিনেটের এক প্রতিবেদনে বলা হয়, ওই স্বীকারোক্তিগুলো আদতে বানিয়ে বলেছিলেন খালিদ।
পরবর্তীতে সিআইএ’র গোপন নির্যাতনের কথা ফাঁস হয়ে গেলে খালিদকে ২০০৬ সালে গুয়ান্তানামো বে কারাগারে সরিয়ে নেওয়া হয়। অবশেষে তার সাথে কথা বলার সুযোগ পান পেলেগ্রিনো। ২০০৭ সালে, এক টেবিলের দুই পাশে মুখোমুখি বসেন দুই জন।
পেলেগ্রিনো বলেন, আমি তাকে জানাতে চেয়েছিলাম যে, নব্বইয়ের দশকে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পেছনে আমি জড়িত ছিলাম।
তাদের মধ্যে কী কথা হয়েছিল তা প্রকাশ না করলেও, পেলেগ্রিনো বলেন, বিশ্বাস করুন আর না করুন, সে রসবোধসম্পন্ন একজন মানুষ, তার সাথে আলোচনা বেশ উপভোগ্য।
পেলেগ্রিনো বলেন, খালিদ আকর্ষণের কেন্দ্রে থাকতে চায়। কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই।
খালিদকে কাঠগড়ায় দাড় করালে নিজের অপরাধ স্বীকার করবেন নাকি বিচারকার্য নিয়ে মজা করবেন, এমন প্রশ্নের জবাবে পেলেগ্রিনো বলেন, নিজের অপরাধ নিয়ে তার মধ্যে অনুশোচনা নেই, কিন্তু সে পুরো প্রক্রিয়াটা উপভোগ করে।
খালিদের সঙ্গে মোট ছয় দিন কথা বলেন পেলেগ্রিনো। এরপর হাল ছেড়ে দেন।
খালিদকে সাজা দেওয়ার একাধিক চেষ্টা মাঝপথে থেমে গেছে। একবার নিউ ইয়র্কে তার বিচারের চেষ্টা করা হয়। কিন্তু রাজনীতিক ও জনগণের বিরোধীতার মুখে তা বন্ধ হয়ে যায়। এমনকি খোদ পেলেগ্রিনো চাননি নিউ ইয়র্কে খালিদের বিচার হোক।
পরবর্তীতে গুয়ান্তানামো বে’তে এক সামরিক ট্রাইব্যুনালে দাড় করানো হয় তাকে। কিন্তু প্রক্রিয়াগত জটিলতা, করোনা মহামারির কারণে ওই ঘাঁটি বন্ধ থাকাসহ নানা কারণে এখনো বিচার প্রক্রিয়া আগায়নি।
গত সপ্তাহে হামলার অন্য চার আসামীর সঙ্গে ফের কাঠগড়ায় উঠানো হয় ৫৭ বছর বয়সী এই সন্ত্রাসীকে। হাসিমুখে কাঠগড়ায় দাঁড়ান তিনি। আদালতের ভেতরে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে হাত নাড়েন।
খালিদের আইনজীবী ডেভিড নেভিন মনে করেন, সাম্প্রতিক এই শুনানিগুলো লোক দেখানো। হামলার ২০তম বর্ষপূর্তিতে মিডিয়ায় প্রচারের উদ্দেশ্যে করা। তিনি বিবিসি’কে বলেন, এই প্রক্রিয়া শেষ হতে আরো ২০ বছরের মতো লাগতে পারে।
২০০৮ সাল থেকে খালিদের হয়ে মামলা লড়ছেন নেভিন। প্রথম দিকে পরিকল্পনা ছিল, মামলাটির দ্রুত নিষ্পত্তি ঘটানো। কিন্তু এখন অবধি এর শুরুই হয়নি। তিনি বলেন, সম্প্রতি নতুন বিচারককে মামলার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ মামলার অষ্টম বা নবম বিচারক। তাকে পূর্ববর্তী শুনানিগুলোর ৩৫০০ পৃষ্ঠার ট্রান্সক্রিপ্ট, হাজারো আবেদন পড়তে হবে।
মামলাটিকে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ মামলা হিসেবে বর্ণনা করেন নেভিন। একইসঙ্গে এটা সবচেয়ে বিতর্কিতও। কারণ পাঁচ আসামির প্রত্যেকের উপরই গোপনে ভয়াবহ নির্যাতন চালিয়েছে সিআইএ। এই গোপন নির্যাতনের কারণে মামলার প্রমাণে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।
নেভিন বলেন, যুক্তরাষ্ট্র এই লোকগুলোকে নির্যাতনের জন্য একটি স্পষ্ট কর্মসূচি সাজিয়েছে, বাস্তবায়ন করেছে। সেসব নির্যাতনের পদ্ধতি যেকোনো রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ তৈরি করে দেয়। যার ফলে মামলা দীর্ঘায়িত হয়।
মামলা দীর্ঘায়িত হওয়ার আরেকটি কারণ হচ্ছে, এটি মৃত্যুদণ্ড দেয়ার মতো একটি মামলা। নেভিন বলেন, মার্কিন সরকার এই লোকগুলোকে মৃত্যুদণ্ড দিতে না চাইলে মামলাটি অনেক আগেই শেষ হয়ে যেত।
(বিবিসি থেকে অনূদিত)















