তাহলে কি টসে জেতাটাই ভুল ছিল: মুশফিক

790

খেলাধুলা ডেস্ক: পচেফস্ট্রুমে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর বিশ্রামে থাকা দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স টুইট করে মুশফিকুর রহিমের সিদ্ধান্তে অবাক হবার কথা জানান। ওই ম্যাচের প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে স্বাগতিকরা। পঞ্চম দিনের ফলাফল ৩৩৩ রানের বিশাল ব্যবধানের হার।

দ্বিতীয় টেস্টেও টস জয়ের পর ফিল্ডিং। ফলাফল প্রথম দিনে ৪২৮ পাহাড় সমান রান করল প্রোটিয়ারা। বোলাররা পেলেন মাত্র তিনটি উইকেট। এ নিয়ে সমালোচনা তাড়া করে বেড়াচ্ছে অধিনায়ক মুশফিককে।

ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনের পর সংবাদ সম্মেলনে সমালোচনার জবাবে তিনি বলেন, আমার তো মনে হচ্ছে টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই! শেষ দুইটা ম্যাচে যা হচ্ছে, জীবনে কখনো এমন হয়নি- মনে হচ্ছে টস হারলেই ভালো হয়।

ম্যাচ শুরুর আগে ক্রিকেট বোদ্ধারা বলছিলেন- টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা। মুশফিকও সেই পথে এগিয়েছিলেন। যদিও সফল হতে পারেননি। তবে সে ব্যর্থতার দায় নিজ কাঁধে নিয়ে মুশফিক বলেন, ‘অবশ্যই এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা। আমি হয়তো দলকে সেভাবে উৎসাহ দিতে পারছি না বা বোলারদের সেভাবে গাইড করতে পারছি না। বোলাররা চেষ্টা করছে, হয়তোবা সেভাবে হয়নি। এটা আমার ব্যর্থতা।’

অধিনায়কত্ব, টপঅর্ডারে ব্যাটিং এবং কিপিং এর বড় দায়িত্ব থেকে মুক্তি পেতে মুশফিকের বদলে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন লিটন দাস। প্রথম টেস্টের মতো এ টেস্টও দলের সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক মুশফিক বেশির ভাগ সময়ই ফিল্ডিং করেছেন সীমানার দিকে। অপেক্ষাকৃত তরুণ বোলারদের সঙ্গে কথা বলতে বা অনুপ্রেরণা দেয়া নিয়েও ওঠেছে প্রশ্ন।

এ নিয়ে অধিনায়ক বলেছেন, আমি একটা ব্যাপার পরিষ্কার করি- ফিল্ডার হিসেবে আমি খুব একটা ভালো না। তাই কোচরা চেয়েছেন আমি যেন বাইরে বাইরে ফিল্ডিং করি। কারণ আমি সামনে থাকলে আমার কাছ থেকে নাকি রান হয়ে যায়। বা আমার হাতে ক্যাচ-ট্যাচ আসলে নাকি ধরার চান্স থাকে না। টিম ম্যানেজমেন্ট যেটা বলবে সেটা তো আপনার করতে হবে। আমি চেষ্টা করেছি, বেশির ভাগ সময় বাইরে বাইরে থাকার। যখন ভেতরে ছিলাম তখন চেষ্টা করেছি, বোলারদের সঙ্গে কথা বলার।

বোলারদের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, এটা আমারও ব্যর্থতা হতে পারে। আমি হয়তো ঠিক মতো বার্তাটা দিতে পারিনি। মাঠে আমি হয়তো বোলিং করে জায়গায় ফেলতে পারিনি। এছাড়া তো আমার আর কিছু বলার নেই।

বোলিং নিয়ে মুশফিক বলেন, আমাদের এতো ভালো ভালো কোচ আছে। এখন আমাদের বোলিং কোচ নিজে গিয়ে তো আর মাঠে বোলিং করবেন না। কেউ যদি শিখতে না পারে, বাস্তবায়ন না করতে পারে, সেটাকে আমি আমাদের ব্যর্থতা বলব।