ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ মামলা চলতে আইনগত আর কোন বাধা থাকলো না বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। মামলার বাদী দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এদিকে আগামী ২৪শে সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন সংক্রান্ত শুনানীর দিন ধার্য করা হয়েছে। ২০০৭ সালের ২রা সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। মামলার এজহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। ২০১৬ সালের ১০ই মে গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন খালেদা জিয়া। এর আগে ২০১৫ সালে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদন খারিজ করে দেন বিচারকরা। ২০১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ৫ই এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খালেদা জিয়া। পরে তিনি জামিন পান।















