ঢাকায় ইইউ’র পরবর্তী রাষ্ট্রদূত রেনসিয়া তিরিঙ্ক

658

ঢাকা সংবাদদাতা: ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন এশিয়া বিশেষজ্ঞ ডাচ বংশোদ্ভূত বহুভাষী কূটনীতিক রেনসিয়া তিরিঙ্ক। আগামী মাসে তিনি তার বাংলাদেশ মিশন শুরু করতে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানিয়েছে, ২০১৩ সালের মাঝামাঝি থেকে নেপালে ইইউ দূত হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে রেনসিয়া। তিনি এমন এক সময় কাঠমুণ্ডুতে মিশন শুরু করেন যখন নানা কারণে দেশটির রাজনীতির হাওয়া ছিল উত্তপ্ত। বিশেষ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের চ্যালেঞ্জের মুখে ছিল হিমালয় ঘেরা দক্ষিণ এশিয়ার ওই উন্নয়নশীল দেশ। রাষ্ট্রদূত রেনসিয়ার ভাষায়, ‘নেপালের রাজনীতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি ইইউ রাষ্ট্রদূত হিসাবে কাঠমুণ্ডুতে দায়িত্ব নিয়েছি।’ নেপালের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া এবং দ্বিতীয় সংসদ নির্বাচনটি তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন। এতে ইইউ’র বহুমুখী সহযোগিতাও ছিল।

১৯৬০-তে লুক্সেমবার্গে জন্ম নেয়া রেনসিয়া কালচারাল অ্যানথ্রোপলজি ও নন ওয়েস্টার্ণ সোসিওলজি বিষয়ে পড়াশোনা করেছেন আমস্টার্ডাম ইউনিভার্সিটিতে। পরবর্তীতে তিনি এশিয়া বিষয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণা করেছেন। ভারতের মহারাষ্ট্রের গুজরাটে তিনি মাঠ পর্যায়ের গবেষণা করেছেন। কাজ করেছেন ইন্দো-ডাচ বিকল্প উন্নয়ন প্রকল্পে। এতে ভারতের বিভিন্ন গ্রামের বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। ১৯৯৫ সালে সরাসরি ইরোপিয়ান কমিশনের সঙ্গে কাজ শুরু করেন দক্ষিণ এশিয়া বিষয়ক প্রশাসক হিসাবে। এরপর তিনি বিভিন্ন ক্যাটাগরিতে ভারত, ভুটান, নেপাল ও সার্কের সঙ্গে কাজ করেছেন। এ অঞ্চলে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস মিশনেও কাজ করেছেন তিনি। ইউরোপিয়ান কমিশনে নিরাপত্তা ও পলিসি নিয়ে কাজ করা ক্যাথরিন এ্যাস্টনের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। রেনসিয়ার মাতৃভাষা ডাচ হলেও তিনি ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারেন। এছাড়া স্প্যানিশ এবং হিন্দি ভাষার ওপর তার কাজ চালিয়ে নেয়ার মতো দক্ষতা রয়েছে।

উল্লেখ্য, ঢাকায় ইইউ’র বর্তমান দূত পিয়েরে মায়েদুন আগামী বৃহস্পতিবার তার মিশন শেষ করতে যাচ্ছেন। এরই মধ্যে তার বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তার বিদায়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ঢাকায় ইইউ’র পরবর্তী দূত হিসেবে রেনসিয়াকে নিয়োগের প্রস্তাব (এগ্রিমো) করে ব্রাসেলস। সম্প্রতি প্রস্তাবিত দূতকে বরণে বাংলাদেশের তরফে ‘অনাপত্তি’র আনুষ্ঠানিক বার্তা ব্রাসেলসে পাঠনো হয়েছে।