প্রশংসায় পম্পেও, যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে সুবিধা চায় ঢাকা

398

ঢাকা সংবাদদাতা: করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একই সঙ্গে তিনি আমেরিকানদের প্রত্যাবাসনে সহযোগিতা জন্য ঢাকাকে ধন্যবাদ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে মাইক পম্পেও করোনা বা কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সে সময় তিনি মার্কিন মন্ত্রীর লেখা চিঠি হস্তান্তর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী মোমেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকার ওপর কভিড-১৯ এর বিরূপ প্রভাব, বিশেষ করে রপ্তানি আদেশ প্রত্যাহারের কারণে এ দেশের তৈরি পোশাক শিল্পের ওপর প্রভাব তুলে ধরেন। করোনাকালে ব্যাপক হারে অর্ডার বাতিলের বিষয়টি তুলে ধরে মন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে একক রাষ্ট্র হিসাবে বাংলাদেশী পোশাকের প্রধান রপ্তানী গন্তব্য যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেশি সুবিধা প্রত্যাশা করেন। তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার এবং ঢাকায় ফেরত পাঠানোর অনুরোধ পূনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন দূত করোনার পাশাপাশি রোহিঙ্গা সঙ্কট নিয়েও আলোচনা করেন। মন্ত্রী এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলে রাষ্ট্রদূত মিলার ঢাকার প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের কৌশলগুলো তুলে ধরেন। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মার্কিন দূত মন্ত্রীর কথায় সায় দেন এবং ঢাকার পাশে থাকা অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন।