সিলেট সংবাদদাতা: মৃত্যুর ২৩ দিন পর অবশেষে দেশে আসছে হবিগঞ্জের দুই লেবানন প্রবাসীর মরদেহ। শুক্রবার রাত ১১টার দিকে মরদেহ দুটি বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা হযরত শাহ্ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মোজাম্মেল মিয়ার বড়ভাই জাফর উদ্দিন। তিনি বলেন, আমার ভাই মোজাম্মেলের কফিল (মালিক) আমাকে টেলিফোনে জানিয়েছেন তিনি মরদেহগুলো পাঠানোর সব ব্যবস্থা সম্পন্ন করেছেন। তার কথামতো আমরা এখন ঢাকায় অবস্থান করছি। শুক্রবার রাত ১১টার দিকে মরদেহগুলো ঢাকা এসে পৌঁছার কথা।
তিনি আরো বলেন, মরদেহগুলো আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হচ্ছে। শনিবার সকালে আমরা বাড়িতে ফিরতে পারব।
তবে ডিসি মোহাম্মদ কামরুল হাসান জানান মরদেহ দেশে ফেরার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে আজ বিষয়টি তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন বলে জানান।















