ঢাকা সংবাদদাতা: খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালের কারা প্রিজনে রেখে সুচিকিৎসা না দিয়ে পঙ্গু করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, মিথ্যাচার আর প্রতিহিংসার রাজনীতি শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, সামাজিক মূল্যবোধকেই ধ্বংস করেনি, দেশের সার্বভৌম মর্যাদাকেও প্রশ্নের সম্মুখীন করে তুলেছে। দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতাসীনদের মিথ্যাচারের রাজনীতির শিকার। ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতির নির্মম শিকার হয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ প্রায় দুই বছর যাবত কারাবন্দি।
তিনি বলেন, সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশের কারণে চিকিৎসকদের জরুরি কল দিলেও তারা চিকিৎসা দিতে বেগম জিয়ার রুমে যাচ্ছেন না। তার শরীর ভেঙ্গে পড়েছে। বাস্তবে তার অবস্থা মরণাপন্ন। এক্ষুনি জরুরি ভিত্তিতে মুক্তি দিয়ে তার সুচিকিৎসা না করালে জীবনহানীর আশংকা করছি আমরা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে বাদের খাতায় রাখতে উঠেপড়ে লেগেছেন।
রিজভী বলেন, দেশের আইন আদালত এখন ক্ষমতাসীনদের ইচ্ছেপূরণে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে। মিথ্যা মামলায় বিচারের নামে অবিচার চলছে খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক, গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার প্রতীক বেগম জিয়ার বিরুদ্ধে প্রাণনাশের যাবতীয় আয়োজন চলছে। নানা তথ্য প্রমান বলছে, বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের বিরুদ্ধে এযাবৎ যত মামলা-মোকদ্দমা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপির এই মুখপাত্র বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা বিএনপি সমর্থিত প্রার্থীসহ নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা জুলুম নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছে। হুমকি-ধামকি ও অপহরণের মাধ্যমে প্রার্থীসহ নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করা হচ্ছে। হামলা চালিয়ে আহত করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আবারো ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মতোই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রহসন করতে চায় বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী।















