আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসানের সাবেক চেয়ারম্যান কার্লোস ঘসন জাপান ছেড়ে লেবাননে পালিয়েছেন। তার বিরুদ্ধে আর্থিক অসদাচরণের অভিযোগে মামলা ঝুলছে। এই অভিযোগে ২০১৮ সালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। কিন্তু তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ছিল। প্রতিনিয়ত তার বাড়ির ওপর নজরদারি রাখার নির্দেশ রয়েছে আদালতের। এছাড়া তার ফোন ও ক¤িপউটারও জব্দ করে নেয়া হয়েছে। এর মধ্যেও তিনি কিভাবে জাপান ছেড়ে পালিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
জামিনের সময় তার পাসপোর্ট তিনি নিজের আইনজীবীদের কাছে জমা দিতে বাধ্য ছিলেন। দুই রাতের বেশি সময়ের জন্য কোথাও ভ্রমণের জন্য আদালত থেকে অনুমতি নেয়া তার জন্য বাধ্যতামূলক ছিলো। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ঘসনের পালানোর খবর প্রকাশের পরপরই তিনি এক বিবৃতি দেন। লেবাননে যাওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি। এতে বলেছেন, তিনি ন্যায় বিচার থেকে পালাননি, অন্যায় ও রাজনৈতিক নিপীড়ন থেকে পালিয়েছেন। তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
সাবেক নিসান চেয়ারম্যান বলেন, তিনি আর জাপানের জালিয়াতিপূর্ণ বিচার ব্যবস্থায় আটকা থাকবেন না। এই ব্যবস্থায় দোষ অনুমান করে নেয়া হয়, উন্মত্তভাবে বৈষম্য করা হয় ও মৌলিক মানবাধিকারও নিশ্চিত করা হয় না। তিনি বলেন, আমি ন্যায় বিচার থেকে পালাইনি। আমি অন্যায় ও রাজনৈতিক নিপীড়ন থেকে পালিয়েছে। আমি এখন থেকে গণমাধ্যমের সঙ্গে মুক্তভাবে যোগাযোগ করতে পারবো। আগামী সপ্তাহ থেকেই যোগাযোগ শুরু করবো।
ঘসনের জন্ম ব্রাজিলে। কিন্তু তার বাবা-মা ছিলেন লেবানিজ বংশোদ্ভ’ত। তিনি বেড়ে ওঠেছেন লেবাবনের রাজধানী বৈরুতেই। পরবর্তীতে শিক্ষা গ্রহণের জন্য ফ্রান্সে চলে যান তিনি। বর্তমানে তার কাছে ফ্রান্স ও লেবানন উভয় পাসপোর্ট রয়েছে। তিনি শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তার আইনজীবীরা দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।















