এম এ জামান: গ্রেট ব্রিটিশ বেক অফ ২০১৫ উইনার, সেলিব্রিটি ব্রডকাস্টিং ও কালনারি আর্টিস্ট (culinary artist) নাদিয়া হোসেন ২০১৬ সালে কুইনের ৯০ তম জন্মদিনের কেক তৈরি করে সারা বিশ্বে বিশেষ পরিচিতি লাভ করেন। তার ব্রডকাস্টিং ও রন্ধন শিল্পে বিশেষ অবদানের জন্য ২০২০ সালের এমবিই খেতাবপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হন। তাছাড়া কমিউনিটি সার্ভিস ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে সমতা নিশ্চিত করনে অবদানের জন্য একই খেতাব পেয়েছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশি এর ভাইস চেয়ার পারভীন হাসান।
গত ২৭ নভেম্বর বিভিন্ন খেতাবে ভুষিত ১০৯৭ জনের নাম মিডিয়ায় প্রকাশিত হয়। ক্যাবিনেট অফিস ঘোষিত এই লিস্টের ৫১% হচ্ছেন মহিলা । তাছাড়া ফরেন অফিস আরো ১০০ জনের পৃথক লিস্ট ঘোষণা করেছে। যাতে রয়েছে পুলিশ, এ্যাম্বুলেন্স, ফায়ার স্টাফ ও মিলিটারি পারসন।
তিন সন্তানের জননী ৩৫ বছর বয়সী নাদিয়া হোসেইন একাধারে একজন টিভি শেফ, বুক রাইটার, পত্রিকার কলাম লেখক ও টেলিভিশন প্রেজেন্টার। এমবিই খেতাবপ্রাপ্তিতে অশ্রুস্বজল নাদিয়া হোসেইন তার এই অর্জনকে ধারনাতীত উল্লেখ করেন। উল্লেখ্য নাদিয়া হোসেইনের পৈত্রিক বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামে। তার পিতার নাম জমির আলী ও মাতার নাম আসমা বেগম।















