আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মিরের উরি সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হন। আর এ ঘটনার মাত্র ২৪ ঘণ্টা না যেতেই কড়া জবাব দিল ভারত।
ভারতীয় সেনাদের পাল্টা হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বুধবার রাতে উরি সেক্টরে এই হামলার ঘটনা ঘটে।
এর আগে বুধবার দুপুরে পাকিস্তানি সেনার গুলিবর্ষণে নিহত হন ভারতীয় এক সেনা অফিসার।
জানা গেছে, বুধবার থেকে উত্তর-কাশ্মীরের উরি সেক্টরে মর্টার হামলা ও গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। ভারী মেশিনগান থেকে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে অবিরাম গুলি চালাতে থাকে পাক রেঞ্জার্সরা।
শুধু তাই নয়, সীমান্তে ভারতের গ্রামগুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাকিস্তানি বাহিনী। ওই হামলায় নিহত হন এক ভারতীয় সেনা ও তিন সাধারণ নাগরিক। পাকিস্তানের হামলায় আতঙ্ক ছড়ায় সীমান্তের গ্রামগুলোতে। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।















