ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সাথে গত সোমবার ‘মিস্ ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফাহ্ নানজিবা তোরসা এক সৌজন্য সাক্ষাৎ করেন। তোরসা গত ১৪ ডিসেম্বর লন্ডনের এক্সসেল হলে ‘মিস্ ওয়াল্ড ২০১৯’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এ প্রতিযোগিতায় তিনি প্রথম ‘হেড টু হেড’ ধাপে ৫টি দেশের প্রতিনিধিদের পরাজিত করে দ্বিতীয় ধাপে উন্নীত হন। দ্বিতীয় ‘হেড টু হেড’ ধাপে ভারতের প্রতিযোগী সফল হন। এ প্রসঙ্গে তোরসা বলেন, মিস্ ওয়াল্ড প্রতিযোগিতা কেবল নারীর শারিরীক সৌন্দর্য নয়, বরং প্রতিযোগিরা নিজ নিজ দেশে কী ধরনের চ্যারেটি‘র সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, সেটাও গুরুত্ব পায়। এক্ষেত্রে ভারতের প্রতিযোগী তার নিজের দেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যারেটি‘র সঙ্গে যুক্ত ছিলেন। এই ধরনের চ্যারেটির সুযোগ বাংলাদেশে খুবই কম। তাই এ বিষয়টির দিকে আমাদের দেশের সংশ্লিষ্টরা নজর দিলে এসব প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরাও অনেক দূর এগিয়ে যেতে পারবে।
হাইকমিশনার তোরসাকে বাংলাদেশে যারা এ ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন এবং তাদের সাথে কীভাবে যোগাযোগ স্থাপন করা যায় সে ব্যাপারে পরামর্শ দেন। তিনি বলেন, তোরসার মত যারা আধুনিক বাংলাদেশকে বহিঃবির্শ্বে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে তুলে ধরছে তাদের সব ধরনের সহযোগিতা দেয়া প্রয়োজন।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তোরসা গত অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত ‘মিস্ ওয়াল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপা অর্জন করেন। লেখা-পড়ার পাশাপাশি তিনি চট্রগ্রামের বিজয় টিভি‘র একজন উপস্থাপিকা।
লায়ন্স ক্লাবের চ্যারেটি কার্যক্রমের সঙ্গেও জড়িত। তোরসা একজন নৃত্য শিল্পীও। ২০০৯ সালে বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় লোকনৃত্যে অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েও পুরস্কৃত হয়েছেন।















