ঢাকায় শ্বশুরবাড়িতে মিথলার নতুন জামাই সৃজিত

599

বিনোদন ডেস্ক: সুইজারল্যান্ড আর গ্রিসে হানিমুন শেষে এবার নতুন বউ মিথলা সঙ্গে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা দিয়েছেন সৃজিত মুখার্জি। বাঙালি সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ জামাই আদর। নতুন জামাই সৃজিতকেও আপ্যায়নে কমতি রাখেননি তার শ্বশুর-শাশুড়ি। তবে জামাই আদর একাই পাচ্ছেন না সৃজিত। সঙ্গে রয়েছেন ‘ভায়রা ভাই’ অভিনেতা ইরেশ যাকের। কারণ মিথিলার ছোট বোন জাকিয়া রশিদ মিমের বর ইরেশ।

বর সৃজিতের সঙ্গে তোলা ইরেশ যাকেরের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, সত্যজিতের ‘হীরক রাজার দেশে’ সিনেমা থেকে, ‘মোরা দুজন রাজার জামাই’ আর হ্যাশট্যাগ, ‘ভায়রা ভাই’।

খাবারের ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।

এর আগে ৬ ডিসেম্বর কলকাতার একটি ফ্ল্যাটে নিকটাত্মীয়, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সৃজিতকে জীবনসঙ্গী করে নেন মিথিলা। ঘরোয়া অনুষ্ঠানে মিথিলা এসেছিলেন লাল শাড়ি পরে বাংলার চিরায়ত বধূ সাজে। সৃজিতকে দেখা গেছে কালো পাঞ্জাবির সঙ্গে লাল জহরকোর্ট পরিহিত অবস্থায়। অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিল মিথিলার মেয়ে আইরাও।