আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার মালদ্বীপের একটি আদালত অর্থ আত্মসাতের দায়ে ইয়ামিনকে এ শাস্তি দিয়েছে। বিচারকরা বলেছেন, ইয়ামিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি বেসরকারি একটি কোম্পানিকে বেশ কয়েকটি দ্বীপ ভাড়া দিয়েছিলেন, আর এর বিনিময়ে প্রাপ্ত ১০ লাখ ডলার সরকারি অ্যাকাউন্টে না দিয়ে নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন।
ইয়ামিন প্রথম থেকেই কোনও ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত চত্বরের বাইরে তার সমর্থকরা বিক্ষোভ করে এবং তাদের নেতা নির্দোষ বলে দাবি করে।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাহ ইয়ামিন চীনপন্থি বলে পরিচিত।















