আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

383

ঢাকা সংবাদদাতা: সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দীপ (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা সন্ত্রাসী।

আজ শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় এই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ২টি চাইনিজ চাকু ও ছিনতাইকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালিগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম(৩৮)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল হক জানান, সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের একটি মামলায় শুক্রবার কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর ওই দুই শীর্ষ ছিনতাইকারী সন্ত্রাসীদের নিয়ে অস্ত্র উদ্ধারে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামালনগর এলাকায় গেলে তাদের সহযোগী অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তাদের সহযোগীরা পিছু হটলে পুলিশ সেখান থেকে দ্বীপ ও সাইফুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু ও একটি নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।