ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার বন্ধের উদ্যোগ

816

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে জানিয়েছেন, তিনি ইসরাইলে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান।

তিনি চ্যানেলটির বিরদ্ধে জেরুজালেমের স্পর্শকাতর পবিত্র স্থান কেন্দ্রিক চলমান উত্তেজনা নিয়ে উসকানিমূলক সংবাদ সম্প্রচারের অভিযোগ করেন।

অতি সম্প্রতি নেতানিয়াহু তার ফেসবুকে লেখেন, ‘আল-জাজিরা চ্যানেলটি অব্যাহতভাবে টেম্পল মাউন্টকে নিয়ে উসকানিমূলক সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমি একাধিকবার জেরুজালেমে চ্যানেলটির অফিস বন্ধ করে দেয়ার জন্য আইন প্রনয়ণকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছি।’

তিনি আরো বলেন, ‘যদি আইনগতভাবে তা করা সম্ভব না হয়, তবে আমি ইসরাইল থেকে আল-জাজিরার সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় আইন সংশোধন করব।’

ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতের ওপর পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের জন্য বরাবরই চ্যানেলটিকে দায়ী করা হচ্ছে।