গরুর জন্য শীতের পোশাক দেবে কর্তৃপক্ষ!

366

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অযোধ্যা নগরীতে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ গরুর জন্য শীতের পোশাক সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। পাটের তৈরি এই বিশেষ পোশাক দেওয়া হবে নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা গরুকে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। পৌর কমিশনার নিরাজ শুকলা বলেছেন, আমরা এখন গরুর শীতের পোশাক বানাতে দিয়েছি। ৩-৪ ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা প্রথমে বাইশিংপুর গরু কেন্দ্রে এই পোশাক বিতরণ করবো। সেখানে ৭০০ ষাঁড় সহ মোট ১২০০ গরু ও বাছুর রয়েছে। আমরা প্রথমে বাছুরের জন্য ১০০ পোশাক বানাতে দিয়েছি।

তিনি আরও জানান, নভেম্বরের শেষ নাগাদ প্রথম ডেলিভারি আসবে। আর প্রত্যেক পোশাকের জন্য খরচ হবে ২৫০-৩০০ রুপি। তিনি বলেন, ‘তিন স্তরের পোশাক বানানো হচ্ছে। আমরা বাছুরের পোশাকে নরম কাপড় দিতে বলেছি যেন শীতের সময় কাপড় গরম থাকে।’
কমিশনার আরও জানান, ষাঁড় ও অন্য গরুর পোশাকের ডিজাইন হবে আলাদা। ষাঁড়ের পোশাক হবে শুধুই পাটের তৈরির। বাকি গরুদের পোশাকে দুই স্তর থাকবে। আর এই পোশাক সেলাই করা হবে এমনভাবে যাতে তা গরুর গা থেকে পড়ে না যায়। শুকলা আরও জানান, গরু আশ্রয়কেন্দ্রে আগুন জ্বালানোর ব্যবস্থা হবে যেন তীব্র শীত থেকে গরু রক্ষা পেতে পারে। মেঝেতে দেওয়া হবে খড়, যেন বাছুর সেখানে বসতে পারে।
মেয়র হৃষীকেশ উপাধ্যায় বলেন, আমাদের নজর হলো গরুর সেবা করা। আমরা আরও আশ্রয়কেন্দ্র তৈরি করছি। এগুলো হবে রাজ্যের সেরা গরু আশ্রয়কেন্দ্র।