সিলেট সংবাদদাতা: পিয়াজ নিয়ে লঙ্কাকাণ্ড হয়েছে সিলেট নগরীর রিকাবীবাজারে। সেখানে সকাল ১০টা থেকে টিসিবি’র পিয়াজ বিক্রি শুরু হলে হাজার মানুষের ভিড় জমে যায়। ভিড় সামাল দিতে একাধিক লাইন করেও সংকুলান হচ্ছিলো না। পরে মোতায়েন করা হয় পুলিশ। পুলিশ সদস্যরা এসে লাইন সোজা করে একজন করে পিয়াজ দিচ্ছিলেন। এরপরও ধাক্কাধাক্কি সামাল দেয়া যাচ্ছিলো না। এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় ভুলবশত এক পুলিশ সদস্যের শটগান থেকে গুলি বের হয়। এতে চন্দ্রকান্ত সিংহ নামের এক পথচারী আহত হন। এ সময় ভয়ে জনতা হুড়োহুড়ি করা কালে আরো এক নারী পড়ে গিয়ে আহত হন। তাদেরকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রিতা আক্তার জানিয়েছেন, টিসিবি পিয়াজ বিক্রির সময় লাইনে থাকা লোকজন ধাক্কাধাক্কি শুরু করে। এ সময় এক কনস্টেবলের লোড করা শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে চন্দ্রকান্ত সিংহ নামের এক পথচারীর হাতে লাগে। তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ধাক্কাধাক্কির মধ্যে এক নারী ক্রেতা আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ৪৫ টাকায় পিয়াজ কিনতে বিকাল পর্যন্ত হাজারো মানুষের ভিড় ছিল। কারণ সিলেটের বাজারে পিয়াজের দাম আকাশচুম্বী। পাইকারি বাজারে ১৭০-১৮০ টাকা দরে পিয়াজ বিক্রি হলেও খুচরা বাজারে সেটি ২০০ টাকা ছাড়িয়ে গেছে। ফলে স্বল্পমূল্যে পিয়াজ কিনতে লোকজন ভিড় করেন। এতে করে রিকাবীবাজার এলাকায় যানজটও দেখা দেয়। নগরীর দক্ষিণ সুরমা মার্কাজ পয়েন্টেও একই অবস্থা ছিল। পিয়াজ কিনতে ভিড় করেছিলেন হাজারো মানুষ। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও বিকালে খালি হাতে ফিরতে হয়েছে অনেককেই।















