বাংলাদেশে ইংরেজি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল

419

ওয়ানবাংলানিউজ ডেস্ক: বাংলাদেশে ইংরেজি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতথ্য জানান। তিনি বলেন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে ‘সিস্টেমেটিক ইংলিশ টিচিং ফর প্রাইমারি টিচার’ প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিল এই প্রশিক্ষণ দেবে।প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে দুইজন করে মোট ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ দিতে ৪৬ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।বাস্তবায়ন করবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে অঞ্চল ভিত্তিক দেশের ১৫টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) এক হাজার ৯৮০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণের মাধ্যমে পুল গঠন করা হবে।মাস্টার ট্রেইনাররা পরে বাকি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেবেন। এর ফলে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় অগ্রগতি হবে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে এ কাজ করা হচ্ছে। এরপর গণিতের ওপর গুরুত্ব দেওয়া হবে। ২০২৩ সালের জুনে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে বলে জানান অর্থমন্ত্রী।