নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা নয় : নাসিম

988

ঢাকা সংবাদদাতা: আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে নাসিম এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, ‘বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না। কী আলোচনা করব তাদের সঙ্গে? যারা জঙ্গিদের আশ্রয় দেয়, জ্বালাও-পোড়াও করে, মানুষ মারে, তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।’

‘নির্বাচন নিয়ে আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। কারণ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে, তারাই আলোচনা করবে। বিএনপির আলোচনাও নির্বাচন কমিশনের সঙ্গেই হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, ‘লন্ডনে বসে খালেদা নির্বাচন বানচালে লন্ডনমার্কা চক্রান্ত করছেন। ১৯৯১ ও ২০০১ সালের মতো কোনো চক্রান্ত হলে তা ১৪ দল প্রতিহত করবে।’

মহিলা লীগে জামায়াত নেতার কন্যার পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘বিষয়টি আমি প্রথম শুনলাম। এ রকম কিছু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিশ্চিত থাকেন, এ ধরনের কোনো ব্যক্তি দলে স্থান পাবে না।’

এর আগে ১৪ দলের বৈঠকে বন্যাদুর্গত এলাকায় আগামী দুদিনের মধ্যে দুটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।