সৌদি-বাহরাইনের কাছে ইরানে বার্তা পৌঁছে দিচ্ছে কুয়েত

259

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের উপপররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-জারাল্লাহ বলেছেন, উপসাগরীয় পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও বাহরাইনের কাছে ইরানি বার্তা পৌঁছে দিচ্ছে তার দেশ।

তবে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলেও মঙ্গলবার তিনি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসতে তার দেশ রাজি। এতে কোনো মধ্যস্থতাকারী থাকতেও পারে, নাও থাকতে পারে।

ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি ছায়াযুদ্ধে জড়িয়ে পড়েছে সৌদি আরব। গত ১৪ সেপ্টেম্বর দেশটির দুটি তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করছে রিয়াদ ও ওয়াশিংটন।

ওই হামলায় সৌদি তেল উৎপাদন অর্ধেকে নেমে পড়েছিল। বিশ্ব বাজারেও তেলের দাম বেড়ে আকাশছোঁয়া পর্যায়ে চলে গিয়েছিল।

যদিও বরাবরের মতো হামলার অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। সামরিক পন্থার চেয়ে রাজনৈতিক উপায়েই সমাধানে এগিয়ে যাওয়ার কথা বলেছে সৌদি আরব।