বেলজিয়ামে রেফ্রিজারেটর ট্রাক থেকে ১২ শরণার্থী উদ্ধার

660

ওয়ানবাংলানিউজ ডেস্ক: কত না অভিনব কায়দায় মানবপাচার করা হয়। এমনকি মানবপাচারকারীরা অসহায় মানুষের জীবনের ঝুঁকির পরোয়া পর্যন্ত করে না। বেলজিয়াম পুলিশ এরকম ১২ শরণার্থীকে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে।
ট্রাকটির চালকের সচেতনতায় বেঁচে গেছে ওই ১২ শরণার্থীর প্রাণ। তারা সিরিয়া ও সুদানের নাগরিক। বেলজিয়াম ফেডারেল পুলিশের এক মুখপাত্র জানান, দেশটির উত্তরাঞ্চলে নগরী অ্যান্টওয়ার্পের একটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে তারা ওই শরণার্থীদের উদ্ধার করেন। ট্রাকটিতে ফল ও সবজি পরিবহন করা হচ্ছিল।

ট্রাক চালক হঠাৎ করেই ট্রাকের ভেতর মানুষের উপস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং তাদের সোজা নগরীর অভিবাসন কার্যালয়ে নিয়ে যান। গত সপ্তাহে যুক্তরাজ্যে এরকম একটি রেফ্রিজারেটর ট্রাকে ৩৯ শরণার্থীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। ওই ট্রাকটিও বেলজিয়ামের জিব্রুগি বন্দর দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করেছিল।

ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।