প্রথম বর্ষ থেকেই ঢাবি’র শিক্ষার্থীদের হলে সিট দেয়ার আশ্বাস ভিসির

492

ঢাকা সংবাদদাতা: ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের ব্যতিক্রমী কর্মসূচির পর প্রথম বর্ষ থেকেই বৈধ শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দের আশ্বাস দিয়েছেন ভিসি ড. মো. আকতারুজ্জামান। গণরুমের প্রতিকারের আন্দোলনের অংশ হিসেবে গতকাল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সৈকত উঠতে গিয়েছিলেন ভিসির বাসায়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আকতারুজ্জামান প্রথম বর্ষ থেকেই নতুন শিক্ষার্থীরা বৈধ সিট পাবেন এমন আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। গতকাল সকালে সৈকত কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ভিসি’র বাসভবনের সামনে যান।

সেখানে তারা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা বালিশ, তোষক নিয়ে শুয়ে পড়েন ভিসির বাস ভবনের গেটের সামনে। এরপর দুপুরের দিকে ভিসি ডেকে পাঠান তাদের। এই আন্দোলনের ৭ নেতা সাক্ষাত করতে যান ভিসির সঙ্গে।

ভিসি ড. মো. আক্তারুজ্জামান বলেন, গণরুম সমস্যার সমাধান এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা চাইলেই দ্রুততম সময়ে করা যায় না। নির্দিষ্ট সময় বেঁধে দেয়া যায় না। আমরা আবাসন সমস্যার প্রেক্ষিতে তোমাদের সঙ্গে একমত। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হলে ৫ থেকে ৬ বছর আগে শিক্ষা জীবন শেষ করা শিক্ষার্থীরাও থাকছে। থাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়া শিক্ষার্থীরাও। তাদের উচ্ছেদে একটি হলে হলেও অভিযান চালান। এর প্রেক্ষিতে ভিসি বলেন, এটাকে অভিযান বলা যাবে না। এটি করতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যাদের লেখা পড়া শেষ হয়েছে তাদের দুই এক বছর সময় দেয়া যেতে পারে। কিন্তু এর বাইরের শিক্ষার্থীদের বের করে দেয়া হোক। জবাবে ভিসি বলেন, হঠকারী ও উস্কানিমূলক কোন কাজ করা যাবে না। যাতে পরিকল্পনা ভন্ডুল হয়। আমরা ডাকসু নির্বাচনের সময় যেভাবে সুশৃঙ্খলভাবে সকল কাজ করেছি, সেভাবেই করতে হবে। এসময় তিনি নতুন আসা শিক্ষার্থীদের বৈধ সিট প্রাপ্তির আশ্বাস দেন।

ভিসি’র সঙ্গে বৈঠক শেষে সৈকত বলেন, স্যার আমাদের আশ্বাস দিয়েছেন হলে নতুন শিক্ষার্থীদের বৈধ সিট দেয়া হবে। এছাড়াও আবাসন সমস্যা সমাধানে নেয়া উদ্যোগ সঠিকভাবে পালন করা হবে। এরই প্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিত করছি। তবে আমাদের দাবি ও স্যারের আশ্বাস অনুযায়ী কার্যক্রম পরিচালনা না হলে ফের আন্দোলনের ডাক দেয়া হবে।