আন্তর্জাতিক ডেস্ক: ত্রাসের রাজত্ব কায়েম করা আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন। এ খবর যুক্তরাষ্ট্র নিশ্চিত করলেও সংশয় প্রকাশ করেছে রাশিয়া। তবে এসব খবরকে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিউজউইক ম্যাগাজিন সহ পশ্চিমা বিশ্বের মিডিয়ার একটি খবর। তাতে বলা হয়েছে, বাগদাদি নিহত হওয়ার পর আইএসের হাল কে ধরবেন তা প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আইএসের নতুন নেতার নাম প্রকাশ করা হয়েছে। তিনি হলেন স্বল্প পরিচিত আবদুল্লাহ কারদাশ। ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর সাবেক একজন অফিসার তিনি।
তাকে আইএসের নতুন প্রধান নিযুক্ত করা হয়েছে।
তিনি হাজী আবদুল্লাহ আল আফারি বা প্রফেসর নামেও পরিচিত। জঙ্গি গোষ্ঠী আইএসের কথিত মুসলিম বিষয়ক বিভাগ পরিচালনার জন্য তাকে আগস্ট মাসে হাতে ধরে পদে বসান আবু বকর আল বাগদাদি। কিন্তু এখন বাগদাদির অনুপস্থিতিতে তিনিই আইএসের প্রধানের দায়িত্ব পালন করবেন। তিনি বাগদাদির দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ছিলেন আস্থাভাজন। এখন জিহাদি গ্রুপ আইএস যখন সবচেয়ে দুর্বল অবস্থায় তখন তিনি এর দায়িত্ব নিচ্ছেন। বিশ্বের মোস্ট ওয়ান্টেড আবু বকর আল বাগদাদি (৪৮) শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের সময় সিরিয়ায় তার নিরাপদ আস্তানায় আত্মঘাতী হন। সঙ্গে মারা যায় তার তিন সন্তানও। এভাবে মারা যাওয়ায় বাগদাদিকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একটি সূত্র বলেছেন, আইএস যেসব অপারেশন চালাতো তাতে সরাসরি যুক্ত থাকতেন না বাগদাদি। তিনি শুধু হা বা না বলতেন।















