ঢাকা সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সেলিম ওরফে প্রকাশ সেলিম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত সেলিম ডাকাত দলের সদস্য। তিনি হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে। নিহত সেলিমের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কেরুণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে থানা পুলিশের একটি দল সেলিম ডাকাতকে আটক করে।
এর পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১২টার দিকে কেরুণতলী এলাকায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ওঁৎ পেতে থাকা সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।
এতে এসআই আরিফুর রহমান, কনস্টেবল আবদুর শুক্কুর ও মেহেদী হাসান গুরুতর আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের গোলাগুলিতে সেলিম গুলিবিদ্ধ হয়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি একটি এলজি, ছয় রাউন্ড তাজা কার্তুজ, সাত রাউন্ড খালি খোসা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
নিহত সেলিমের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে।
যেসব অপরাধী এখনও ডাকাতি, সন্ত্রাসী ও মাদক কারবারে জড়িত রয়েছে তাদের নির্মূল করার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।















