ভোলায় মানুষ হত্যার প্রতিবাদ করায় খুলনা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

354

ঢাকা সংবাদদাতা: খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডেইলি নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মুনির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে তাকে নগরীর দোলখোলাস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ। সোমবার বিকেলে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ভোলার ঘটনাসহ কয়েকটি বিষয়ে ফেসবুক পোস্টের কারণেই খুলনা সদর থানার এসআই শরিফুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন এসআই মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংবাদিক মুনির উদ্দিন আহমেদ তার ফেসবুক আইডিতে ভোলার ঘটনা নিয়ে দেয়া পোস্টে উল্লেখ করেন, ‘বিজ্ঞ আইজিপি সাহেব বলবেন কি আপনার অধীন ভোলার গুলিবর্ষণরত এই পুলিশের লাইন অব ফায়ার কি ছিল? শরীরের নিচের অংশ না ফাঁকা গুলি। কত ধাপ পার হওয়ার পর পুলিশ শেষে গুলি করতে পারে ? একজন পুলিশও যেখানে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে কোন টিভি চ্যানেল দেখায়নি। তবে কেন গুলি? ছত্রভঙ্গ করতে মাথা বুক লক্ষ্য করে গুলি করার আইন কি আছে? গুলি করতে আজকাল কি ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার হয় না? আজ হয়তো বা আপনি জবাব দেবেন না। তবে একদিন আপনাকে ভোলার পাঁচজন প্রতিবাদী মুসলমানকে হত্যার দায় নিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।