আর্লি ইয়ার্স ইয়োর ভয়েস’: শুরুটা পরিকল্পিত হলে শেষটাও ভালো হয়

764

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস আর্লি ইয়ার্স সার্ভিসের উদ্যোগে ‘আর্লি ইয়ার্স ইয়োর ভয়েস’ শীর্ষক এক অনুষ্ঠানে বারার স্কুল, চিলড্রেন এন্ড ইয়ং পিপল বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার ডেনি হাসেল বলেছেন, বাচ্চাদের জীবনের শুরুটা পরিকল্পিত হলে শেষটাও হয় ভালো। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার, ১৫ই অক্টোবর পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ প্রফেশনাল ডেভোলাপমেন্ট সেন্টারে অনুষ্ঠিত ‘আর্লি ইয়ার্স ইয়োর ভয়েস’ শীর্ষক এই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন শতাধিক প্যারেন্টস ও প্রফেশনাল। অনুষ্ঠানে জন্ম থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের সেবা প্রদানকারীদের সাথে ‘আর্লি ইয়ার্স সেক্টর পরিকল্পনা বিষয়ে মতবিনিময় হয়।
কাউন্সিলার ডেনি হ্যাসেল ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস হেড অফ আর্লি ইয়ার্স পলিন হর, টাওয়ার হ্যামলেটস পাবলিক হেলথের এসোসিয়েট ডাইরেক্টর কেইটি কোল, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রিয়াঙ্কা প্যাটেল, সেইভ দ্যা চিলড্রেন এর কেটি স্পারো রবিন্স এবং প্যারেন্টসদের পক্ষে ম্যারি গ্রেইস নামবগো, তাইবুর রহমান ও আন্ড্রিয়া ফিলিপস।
কাউন্সিলার ডেনি হ্যাসেল বলেন, বাচ্চাদের শুরুর সময়টায় প্যারেন্টসদের সচেতন ভূমিকা হলো মূখ্য বিষয়। এই সময়টায় বাচ্চাদের প্রয়োজনগুলোর দিকে মনোযোগ ও সমস্যা চিহ্নিত করে সমাধান বের করার চেষ্টা স্কুল শুরুতে ইতিবাচক প্রভাব রাখে। তিনি বলেন, ‘আর্লি ইয়ার্স ইয়োর ভয়েস’ এর মত অনুষ্ঠানগুলো ২০১৯-২০ এর আর্লি ইয়ার্স সেক্টর স্ট্রেটেজিক ফ্রেইমওয়ার্ক তৈরীর ভিত্তি তৈরী করেছিলো। এটি স্থানীয়ভাবে শিশু দারিদ্রের বিষয়টি চিহ্নিত করে জাতীয়ভাবে দারিদ্র চ্যালেন্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখে।
টাওয়ার হ্যামলেটস চিলড্রেন সেন্টারের সেবা নিয়ে যেসব প্যারেন্টস লাভবান হয়েছেন অনুষ্ঠানের শুরুতে তারা তাদের সাফল্যের গল্প শোনান। শিশুদের গড়ে তুলতে তাদের ব্যাক্তিগত প্রচেষ্টা ও সাফল্যের কথা তারা তুলে ধরেন অর্ডিয়েন্সের সামনে।