খেলাধুলা ডেস্ক: ভারতকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলো ইংল্যান্ড নারী ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করে। যা ভালো স্কোর না হলেও স্বদেশের মাটিতে ইংল্যান্ডের জন্য ছিল মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর।
কিন্তু এ রান তাড়া করেই ভারত ২১৯ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেটে ১৯১ রান করলেও মাত্র ২৮ রানে বাকি সাতটি উইকেট পড়ে যায় ভারতের।
সোমবার লর্ডসে টস জিতে প্রথম ব্যাট করে ইংল্যান্ড। ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ২২৮ রান তোলে ইংল্যান্ডের মেয়েরা।
২৪ ও ২৩ রান করেন যথাক্রমে ইংল্যান্ডের দু’ওপেনার উইনফিল্ড ও বেমন্ট। সর্বোচ্চ রান করেন স্কাইভার। তিনি করেন ৫১ রান। ৪৫ রান করেন টেলর। শেষ দিকে ৩৪ রানের ইনিংস খেলেন ব্রান্ট।
দুর্দান্ত বল করেন ভারতের ঝুলন গোস্বামী। ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ টি মেডেন ওভার নিয়ে ৩টি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রান দূরে থাকতেই থেমে যায় ভারতের ইনিংস। ওপেনার রাউত করেন ৮৬ রান। আরেক ওপেনার মান্ধানা অবশ্য ০ রানেই আউট হয়ে যান। অধিনায়ক মিতালি রাজ করেন ১৭ রান।
হরমনপ্রিত কৌর করেন ৫১ রান। কৃষ্ণমূর্তি খেলেন ৩৫ রানের ইনিংস। এরপরই ২১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত ৯ রানে হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতের মেয়েদের।
ইংল্যান্ডের অ্যানিয়া শ্রাবসলে ৬টি ও অ্যালেক্স হার্টলে ২টি উইকেট শিকার করেন।
ইতিহাস গড়তে পারলো না ভারত! মহিলা ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেলো না ‘উইমেন ইন ব্লু’৷ মিতালি-ঝুলনদের হাত ধরে লর্ডসে ৮৩’র স্মৃতি ফিরলো না৷ ৩৩ বছর পর লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের জায়গায় বিশ্বকাপ মিতালি রাজের হাতে বিশ্বকাপ দেখার ইচ্ছেপূরণ হলো না ভারতবাসীর৷















