ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ওই যুবলীগ নেতার নাম খুরশীদ আহম্মেদ (৩৬)। তিনি পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয়রা জানান।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, রাত ৯টার দিকে আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ খুরশীদ আটক হন। এ সময় তিনি তার আস্তানায় আরো অস্ত্র থাকার তথ্য দেন। সেই তথ্য নিয়ে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সংলগ্ন এলাকায় তার আস্তানায় অভিযানে গেলে খুরশীদের লোকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি চালায়।
গোলাগুলি শেষে খুরশীদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দেশে তৈরি একটি এলজি উদ্ধারের কথাও জানান তিনি।
খুরশীদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে বলে র্যাবের অভিযোগ।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, রিভলবার, ওয়ান শ্যুটারগান এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি গণমাধ্যমকে বলেন, অস্ত্র নিয়ে খোরশেদ আলম ও তার সহযোগীরা আগ্রাবাদ এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে খোরশেদ ও তার সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে খোরশেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।















