বন্দি কাশ্মীরি নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি

302

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর রাজ্যের প্রধান দল ন্যাশনাল কনফারেন্সের দুই নেতা ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহর সঙ্গে দলীয় নেতাদের সাক্ষাতের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। এই দুই রাজনৈতিক নেতা গত দু মাস ধরে গৃহবন্দি রয়েছেন। তারা সম্পর্কে বাবা ও ছেলে।

গত ৫ অগাস্ট কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকে গৃহবন্দি রয়েছেন সেখানকার এই দুই নেতা। শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসন জানায়, গৃহবন্দি রাজনৈতিক নেতাদের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে ভাবনাচিন্তা করছেন তারা।

ন্যাশনাল কনফারেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, রোববার সকালে ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লার সঙ্গে দেখা করতে জম্মু থেকে কাশ্মীর রওনা দেবেন দলীয় নেতাদের এক প্রতিনিধি দল। প্রশাসনের কাছ থেকে নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি মিলেছে বলেও জানিয়েছেন তারা।

গত দু’মাস ধরে পৃথক স্থানে গৃহবন্দি রয়েছেন ওমর ও ফারুক আবদুল্লাহ। শ্রীনগরে নিজের বাড়িতে গৃহবন্দি রয়েছেন ফারুক আবদুল্লাহ। আর সরকারি অতিথিনিবাস ‘হরি নিবাস’-এ গৃহবন্দি রয়েছেন ওমর আবদুল্লা।