রংপুর-৩ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

291

ঢাকা সংবাদদাতা: প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, এ আসনের ১৭৫টি কেন্দ্রে ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ২৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার, দুই হাজার ৪৬ জন পোলিং অফিসার ভোটগ্রহণের কাজে নিয়োজিত রয়েছেন। ইভিএম পদ্ধতিতে ১৭৫টি কেন্দ্রের এক হাজার ২৩টি গোপনকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে।

ভোটগ্রহণের আগের দিন থেকে ভোটের পরের দিন পর্যন্ত নির্বাচনী এলাকাতে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও র‌্যাবের ২০টি ইউনিট, পুলিশ ও আনসারের ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যজিস্ট্রেট রয়েছেন।

রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন।।