টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ ইয়াবা পাচারকারী নিহত

261

ঢাকা সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জামাল (২৭) ও মো. ইউনুছ (২১)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

টেকনাফস্থ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, ইয়াবার বড় চালানসহ একদল সশস্ত্র ইয়াবা ব্যবসায়ীদের অবস্থানের খবরে বিজিবির একটি দল ওই এলাকায় ঘেরাও করে। এ সময় বিজিবির ওপর ইয়াবা ব্যবসায়ীরা গুলি চালায়। বিজিবি তাদের লক্ষ্য করে গুলি চালায়। এক পর্যায়ে তারা পিছু হটে। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এরপর কক্সবাজার নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি অস্ত্র, তিন রাউন্ড কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মরদেহ দুটি কক্সবাজার মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।