ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছে দলটি। রাজশাহীর মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ রোডে বিভাগীয় মহাসমাবেশে এই আহ্বান জানান বিএনপির নেতারা। এ সময় নেতারা বলেন, এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চেয়ে লাভ নেই। তাকে মুক্ত করতে হলে রাজপথে নামতে হবে। আর দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আর যখনই আন্দোলনের ডাক আসবে ঠিক তখনই এই সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে নেত্রী গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য, এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বার বার সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, সেই নেত্রী আজকে এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ৭৫ বছর বয়সে দীর্ঘ ১৮ মাস ধরে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি রয়েছেন। তিনি অত্যন্ত অসুস্থ। তিনি এতটাই অসুস্থ যে হেঁটে বাথরুমে যেতে পারেন না। নিজ হাতে খেতে পারেন না। তাকে দুইজন ধরে হুইল চেয়ারে করে সব খানে নিয়ে যেতে হয়। এই ১৮ মাস ধরে তাকে টেলিভিশন দেখতে দেয়া হয় না। তাকে একটা খবরের কাগজ পড়তে দেয়া হয়। দলের নেতাকর্মীদের সঙ্গে তার দেখা করার কোনো সুযোগ নেই। পরিবারের সদস্যরা যারা দেখা করতে যায় তাদের ১৫ দিন পরে দেখা করতে দেয়া হয়। তাও আবার মাত্র ১ ঘণ্টার জন্য। আমরা দীর্ঘ ১৮ মাস ধরে তাকে মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করছি। তাকে মুক্ত করার জন্যই আমরা নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু আমাদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার দানবের মতো আমাদের বুকে ভর দিয়ে বসে আছে।















